মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযানে একটি ডেন্টাল কেয়ার ও তিনটি ফার্মেসিতে নগদ ১৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নুর হোসেন রুবেল। মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হাজীগঞ্জ বাজারের ৪টি প্রতিষ্ঠানে পৃথক পৃথকভাবে মোট ১৯ হাজার টাকা জরিমানা করেন তিনি।
জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক চাঁদপুর ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর হোসেন রুবেল বুধবার দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ কলেজ রোড এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।
এসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ থাকায় ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত কারণে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় পৃথক পৃথকভাবে নগদ মোট ১৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন তিনি। এর মধ্যে মা ডেন্টাল কেয়ারকে ৫ হাজার টাকা, গোল্ডেন মেডিসিন কর্ণারকে ৫ হাজার টাকা, নূর ফার্মেসিকে ৪ হাজার টাকা ও স্কয়ার ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় জরিমানাপ্রাপ্ত সব ব্যবসায়ীদের সব পণ্য ন্যায্যমূল্যে বিক্রিসহ মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করে ভোক্তাদের সচেতন করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মো. নুর হোসেন রুবেল। অভিযানে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. ইউনুস মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
১৫ সেপ্টেম্বর, ২০২২।
