মোহাম্মদ হাবীব উল্যাহ্
ওপেন হাউজ ডে’র মাধ্যমে থানার সাথে জনসাধারণের সেতুবন্ধন তৈরি হয়। এই সেতুবন্ধনে আপনার কথা আমরা এবং আমাদের কথা আপনারা জানতে পারেন। এতে করে আমাদের কোন দুর্বলতা থাকলে, আমরা তা সংশোধনের সুযোগ পেয়ে থাকি। কথাগুলো বলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ। গতকাল রোববার তিনি থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ দিন সকালে হাজীগঞ্জ থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিতির উদ্দেশ্যে তিনি আরো বলেন, থানায় বা আদালতে যতগুলো অভিযোগ দায়ের হয়, এর মধ্যে বেশিরভাগ অভিযোগ হচ্ছে সামাজিক অপরাধ। আমরা সবাই যদি সামাজিকভাবে এগিয়ে আসি, তাহলে অনেকাংশে এ অপরাধগুলো কমে আসবে। কারণ আইন দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, কিশোর অপরাধ নিরসন, বাল্যবিবাহ, নারী নির্যাতন, বাজার এলাকায় যানজট নিরসন ও চুরি বন্ধে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন উপস্থিত স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনীতিবীদ ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিলের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবীব অরুন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রোটা. আলী আশ্রাফ দুলাল, সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরী, জেলা পরিষদের সদস্য আলহাজ জসিম উদ্দিন।
হাজীগঞ্জ থানা পুলিশের আয়োজনে এসময় আরো বক্তব্য রাখেন পৌর পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা কাজী সমিতির সভাপতি মোশারফ হোসেন মিন্টু, পৌর শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি সাবিহা সুলতানা, হাজীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য গাজী সালাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
১৪ মার্চ, ২০২২।
