হাজীগঞ্জ থানায় দায়িত্ব নিলেন নতুন ওসি হারুনুর রশিদ

পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিলের যোগদান

মোহাম্মদ হাবীব উল্যাহ্
বাংলাদেশ পুলিশের পরিদর্শক মোহাম্মদ হারুনুর রশিদ হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি বদলিজনিত সদ্যবিদায়ী ওসি মো. আলমগীর হোসেন রনির কাছ থেকে তার দায়িত্ব বুঝে নেন। এ দিকে একই সময়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে মোহাম্মদ ইব্রাহিম খলিল যোগদান করেন।
এর আগে পরিদর্শক মোহাম্মদ হারুনুর রশিদ চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে উপ-পরিদর্শক (এসআই) হিসাবে যোগদান করেন। তিনি মেট্টোপলিটন, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বিভিন্ন জেলায় পুলিশ কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ব্যক্তি জীবনে মোহাম্মদ হারুনুর রশিদ নোয়াখালী জেলার মাইজদী উপজেলার বাসিন্দা। তিনি বিবাহিত। তার ২ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। হাজীগঞ্জ থানায় তার দায়িত্ব পালনকালীন সময়ে তিনি সকল শ্রেণি-পেশার মানুষসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এদিকে হাজীগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদানকৃত মোহাম্মদ ইব্রাহিম খলিল চাঁদপুর ডিএসবিতে কর্মরত ছিলেন। তিনিও ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে উপ-পরিদর্শক (এসআই) হিসাবে যোগদান করেন। তিনি ডিএসবিসহ বিভিন্ন জেলায় পুলিশ কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ব্যক্তি জীবনে মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজধানীর ডেমরা এলাকার বাসিন্দা। তিনি বিবাহিত। তার ২ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। এ দিন বিকালে হাজীগঞ্জ থানায় আসলে নবাগত ওসি মোহাম্মদ হারুনুর রশিদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন, ওসি মো. আলমগীর হোসেন রনি।
উল্লেখ্য, হাজীগঞ্জ থানার সদ্যবিদায়ী ওসি মো. আলমগীর হোসেন রনি চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ হিসেবে যোগ দিবেন। এছাড়া হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুর রশিদ চাঁদপুর মডেল থানার ওসি হিসেবে বুধবার সন্ধ্যায় দায়িত্ব গ্রহণ করেছেন।
২৫ ফেব্রুয়ারি, ২০২১।