নতুন করে কোনো ধরনের করারোপ ছাড়াই
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গত বুধবার (৫ জুলাই) বিকালে পৌর সভাকক্ষে সাংবাদিক ও সুধি সমাবেশে পৌরসভার ৩৮ তম এবং বর্তমান পরিষদের ৩য় প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
নতুন করে কোনো ধরনের করারোপ ছাড়াই এদিন ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ১১৫ কোটি ৪ লাখ ১ হাজার ৫০০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। যা পৌরসভার ইতিহাসে ঘোষিত বৃহত্তম বাজেট। বাজেটে ব্যয় ধরা হয়েছে ১১০ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে ৪ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৫০০ টাকা।
পৌরসভা সূত্রে জানা গেছে, ১১৫ কোটি ৪ লাখ ১ হাজার ৫০০ টাকার প্রস্তাবিত বাজেটে মধ্যে নিজস্ব (রাজস্ব) খাতে আয় ধরা হয়েছে, ২৮ কোটি ৭১ লাখ ২১ হাজার ২৫০ টাকা। এর মধ্যে নিজস্ব রাজস্ব আয় ২৩ কোটি ১ লাখ ৭১ হাজার ২৫০ টাকা এবং পানির রাজস্ব আয় ৫ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা।
রাজস্ব খাতে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ৬১ লাখ ৬৫ হাজার টাকা। এর মধ্যে নিজস্ব রাজস্ব ব্যয় ২২ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা এবং পানির রাজস্ব ব্যয় ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। রাজস্ব আয়ে উদ্বৃত্ত থাকবে ১ কোটি ৯ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। এর মধ্যে রাজস্ব তহবিলে ৬২ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা ও পানির রাজস্বে ৪৭ লাখ টাকা উদ্বৃত্ত থাকবে।
অপরদিকে উন্নয়ন খাতে সর্বমোট আয় ধরা হয়েছে ৮৬ কোটি ৩২ লাখ ৮০ হাজার ২৫০ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৮২ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে ৩ কোটি ৬৫ লাখ ৫ হাজার ২৫০ টাকা।
উন্নয়ন বাজেটে আয়ের মধ্যে দেখানো হয়েছে উন্নয়ন তহবিল থেকে ৪ কোটি ৭৯ লাখ ১৪ হাজার ৭৫০ টাকা, মূলধন তহবিল থেকে ৪ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা, প্রকল্প ইউজিআইআইপি থেকে ৫৬ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা, বিএমডিএপ (এমজিএসপি) থেকে ৫ কোটি ৪৫ লাখ ২৭ হাজার ৫০০ টাকা, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো থেকে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট থেকে ৫ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার টাকা এবং এলজিসিআরআরপি ৫ কোটি ৫০ লাখ ২৫ হাজার টাকা।
উন্নয়ন বাজেটে ব্যয় ধরা হয়েছে, উন্নয়ন তহবিল থেকে ৪ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা, মূলধন তহবিল থেকে ৩ কোটি ৪৭ লাখ টাকা, প্রকল্প ইউজিআইআইপি থেকে ৫৬ কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকা, বিএমডিএপ (এমজিএসপি) থেকে ৫ কোটি ১৪ লাখ ৬৫ হাজার টাকা, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো থেকে ৩ কোটি ৪৭ লাখ টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট থেকে ৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা এবং এলজিসিআরআরপি থেকে ৪ কোটি ৯২ লাখ ৭৫ হাজার টাকা।
বাজেট উপস্থাপন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। এদিকে বাজেট ঘোষণার আগে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন পৌর বাস টার্মিনাল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাও. ফয়সাল আহমেদ।
এরপর বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, কর নির্ধারক মো. আবু ইউছুফ, টিএলসিসি সদস্য মো. ইকবালুজ্জামান ফারুক ও ডাঃ পেয়ারা বিল্লাল, সংবাদকর্মীদের মধ্যে গাজী সালাউদ্দিন, মহিউদ্দিন আল আজাদ, এস.এম মিরাজ মুন্সী, খন্দকার আরিফ, মঞ্জুর আলম পাটওয়ারী, সাইফুল ইসলাম সিফাত, মোহাম্মদ হাবীব উল্যাহ্, জহিরুল ইসলাম জয় প্রমুখ।
পৌর বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমনের উপস্থাপনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্যানেল-২ মো. আজাদ হোসেন মজুমদার ও প্যানেল মেয়র-৩ রোকেয়া বেগম, কাউন্সিলর মমতাজ বেগম মুক্তা, মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, মো. নুরন্নবী সুমন তপাদার, মো. শাহআলম, কাজী মনির হোসেন, হাজী কবির হোসেন কাজী, মো. বিল্লাল হোসেন, মো. শাহআলমসহ সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০২২-২০২৩ অর্থ বছরে ১১৪ কোটি ১৪ লাখ ২০ হাজার ২৫০ টাকা ঘোষণা করা হয়। এবারের ঘোষিত বাজেট হচ্ছে ১১৫ কোটি ৪ লাখ ১ হাজার ৫০০ টাকা। যা গত অর্থ বছরের (২০২২-২০২৩) চেয়ে ৮৯ লাখ ৮১ হাজার ২৫০ টাকা বেশি।
০৭ জুলাই, ২০২৩।
