হাজীগঞ্জ পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি

তৃতীয় ধাপে ৬৪ পৌরসভার সাথে

মোহাম্মদ হাবীব উল্যাহ্
আগামি ৩০ জানুয়ারি (২০২১) হাজীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত তফসিল সূত্রে এই তথ্য জানা গেছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামি ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামি বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামি ১০ জানুয়ারি এবং ভোটগ্রহণ আগামি ৩০ জানুয়ারি।
গতকাল সোমবার রাজধানীর নির্বাচন ভবনে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেন, তৃতীয় ধাপে দেশের ৬৪ পৌরসভার ভোটগ্রহণ আগামি ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে এবং প্রত্যেকটি কেন্দ্রেই ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে হাজীগঞ্জ পৌরসভাসহ দেশের ৬৪ পৌরসভায় একযোগে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং প্রত্যেকটি কেন্দ্রেই ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এর আগে প্রথম ধাপের ২৫ পৌরসভা এবং দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
বাকি যেসব পৌরসভা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন উপযোগী রয়েছে সেসব এলাকায় চতুর্থ ধাপের ভোট হবে। দেশে মোট ৩২৯টি পৌরসভা রয়েছে। আইন অনুযায়ী পৌরসভায় নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের মেয়াদ শেষ হওয়ার আগে ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামি ফেব্রুয়ারির মাঝামাঝি প্রায় ২৫০ এর বেশি পৌরসভার মেয়র-কাউন্সিলরের মেয়াদ শেষ হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে আরো জানা গেছে, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর একযোগে ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল ভোটে অংশ নেয়।
নির্বাচনে যারা বিজয়ী হয়েছিলেন তার বেশিরভাগের মেয়র ও কাউন্সিলর পরের বছর (২০১৬ সাল) জানুয়ারি-ফেব্রুয়ারিতে শপথ নেন। ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ হিসেবে আগামি বছর ফেব্রুয়ারিতে এসব পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে।
উল্লেখ্য, তৃতীয় ধাপে যেসব পৌরসভায় ভোট হবে সেগুলো হল- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ, নওগাঁর ধামইরহাট ও নওগাঁ সদর, সিলেটের গোপালগঞ্জ, বগুড়ার ধুনট, গাবতলী, শিবগঞ্জ, নন্দীগ্রাম ও কাহালু, রাজশাহীর মুন্ডুমালা, মৌলভীবাজার সদর, ঝিনাইদহের কোটচাঁদপুর, বাগেরহাটের মোরেলগঞ্জ, কুমিল্লার চৌদ্দগ্রাম, লাকসাম ও বরুড়া, চাঁদপুরের হাজীগঞ্জ, ফেনী সদর, মুন্সিগঞ্জ সদর, শেরপুরের নকলা।
নাটোর জেলার সিংড়া, রাজশাহীর কেশরহাট, চুয়াডাঙ্গার দর্শনা, ঝালকাঠির নলছিটি, নেত্রকোনার দুর্গাপুর, যশোরের মনিরামপুর, নোয়াখালীর হাতিয়া ও চৌমুহনী, লক্ষ্মীপুরের রামগঞ্জ, কিশোরগঞ্জের কটিয়াদী, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শরীয়তপুরের নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ, বরগুনা সদর ও পাথরঘাটা, ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান, শেরপুরের নালিতাবাড়ী, কুড়িগ্রামের উলিপুর, দিনাজপুরের হাকিমপুর।
চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর, নড়াইল সদর, সাতক্ষীরার কলারোয়া, রাজবাড়ীর পাংশা, পিরোজপুরের স্বরূপকাঠি, বরিশালের গৌরনদী ও মেহেন্দীগঞ্জ, জামালপুরের সরিষাবাড়ী, ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ভালুকা ও ত্রিশাল, সিলেটের জকিগঞ্জ, ঝিনাইদহের হরিণাকুণ্ডু, টাঙ্গাইল সদর, ভূঞাপুর, সখীপুর, মধুপুর ও মির্জাপুর, নীলফামারীর জলঢাকা, পাবনা সদর, খুলনার পাইকগাছা এবং নড়াইলের কালিয়া।
১৫ ডিসেম্বর, ২০২০।