হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হলেন আলম বেপারী, আজাদ মজুমদার ও রোকেয়া বেগম

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভায় প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন কাউন্সিলর মো. জাহিদুল আযহার আলম বেপারী, মো. আজাদ হোসেন মজুমদার ও রোকেয়া বেগম। রোববার (২৮ মার্চ) দুপুরে পৌরসভা কার্যালয়ে প্যানেল মেয়রদের নাম ঘোষণা করেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
নির্বাচিত প্যানেল মেয়র- ১ মো. জাহিদুল আযহার আলম বেপারী ৪নং ওয়ার্ডের কাউন্সিলর, প্যানেল মেয়র- ২ আজাদ হোসেন মজুমদার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র- ৩ রোকেয়া বেগম ১, ২ ও ৩নং ওয়ার্ডের (সংরক্ষিত-১) সংরক্ষিত নারী কাউন্সিলর।
জানা গেছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ সনের ৫৮নং ধারা অনুযায়ী প্যানেল মেয়র পদে তিনজনের মধ্যে অন্তত একজন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর থাকেন এবং মেয়রের অনুপস্থিতিতে অগ্রাধিকারক্রমে প্যানেল মেয়রদের মধ্যে একজন কাউন্সিলর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।
এদিকে প্যানেল মেয়র নির্বাচিত হওয়ার পর সচিব মুহাম্মদ নুর আজম শরীফের নেতৃত্বে কাউন্সিলর মো. জাহিদুল আযহার আলম বেপারী, মো. আজাদ হোসেন মজুমদার ও রোকেয়া বেগমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি হাজীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহিদুল আযহার আলম বেপারী ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আজাদ হোসেন মজুমদার স্ব-স্ব ওয়ার্ডে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর এবং ১, ২ ও ৩নং ওয়ার্ড থেকে রোকেয়া বেগম প্রথবারের মতো সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
২৯ মার্চ, ২০২১।