মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী আর নেই (৫৫)। সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে তিনি পৌরসভাধীন মকিমাবাদ এলাকার চৌধুরী পাড়ার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া….রাজিউন)। আজ (মঙ্গলবার) বাদ জোহর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে নাজমুল আলম চৌধুরী স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। তিনি উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা গ্রামের চৌধুরী বাড়ির মরহুম আলহাজ আব্দুল মান্নান চৌধুরীর ৫ম ছেলে এবং হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের চৌধুরী পাড়ার বাসিন্দা এবং হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী।
পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী ছাত্রজীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি, হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা গেছে, নাজমুল আলম চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর গত এপ্রিল মাস থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সবশেষ তিনি ভারত থেকে চিকিৎসা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার রাতে ঢাকা থেকে তাকে নিজ বাড়িতে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
এ বিষয়ে মরহুম নাজমুল আলম চৌধুরীর বড় ভাই, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরী বলেন, আগামিকাল (মঙ্গলবার) বাদ জোহর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জানাযা অনুষ্ঠিত হবে। এসময় তিনি তাঁর ভাইয়ের আত্মার মাগফেরাত এবং পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে হাজীগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
২০ ডিসেম্বর, ২০২২।
