আ.লীগ মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে
মোহাম্মদ হাবীব উল্যাহ্
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র আ.স.ম মাহবুব-উল
আলম লিপনের বিজয়ের লক্ষ্যে পৌরসভাধীন ৪, ৫ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) সকালে পৌরসভার ৪নং ওয়ার্ড, বিকালে ৯নং ওয়ার্ড ও সন্ধ্যায় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন বলেন, আমি দায়িত্ব পালনকালীন সময়ে ঘুষ ও দুর্নীতিমুক্ত এবং সততা, স্বচ্ছতার ভিক্তিতে গত ৫ বছরে পৌরসভা এলাকায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছি। সকল ওয়ার্ডে সম-উন্নয়নসহ পৌরসভার সকল সেবামূলক কার্যক্রমকে হয়রানিমুক্ত করেছি। সকল লেনদেন মানি রিসিট এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়েছে।
তিনি কর্মীদের উদ্দেশে বলেন, আগামি ৩০ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে পৌরবাসীর কাছে ভোট চাইতে আপনাদের কোন ভয় নেই। ইনশআল্লাহ্, বড় মুখ নিয়ে যাবেন এবং নৌকার ভোট প্রার্থনা করবেন। কারণ, আমি এমন কোন কাজ করিনি, যে কাজের জন্য আপনারা লজ্জিত হবেন। এ সময় তিনি নেতাকর্মীদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
সভাগুলোতে অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মজুমদার প্রমুখ।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্যব্রত ভদ্র মিঠুন, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খোকা, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, আহবায়ক মাসুদ ইকবাল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলিসহ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কর্মী সভাগুলোতে উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ স্ব-স্ব ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় নেতা-কর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে কর্মী সভাস্থল।
১৭ জানুয়ারি, ২০২১।
