হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক চুননুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুন্নুর দাফন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে নিহতের বাড়ি উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের ইছাপুর গ্রামে মরহুমের দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বুধবার দিবাগত রাতে তিনি মারা যান।
এর আগে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে মাহবুবুল আলম চুননুর প্রথম জানাযা শেষে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। অফিসার ইনাচর্জ মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার প্রদান করে হাজীগঞ্জ থানা পুলিশ।
নিহত মাহবুবুল আলম চুননু ওই গ্রামের মরহুম আশেক আলী মিয়াজীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান স্বাধীনতার সংগ্রামে অংশ নেন। তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন।
এছাড়া তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য, চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১টার দিকে মাহবুবুল আলম চুননু হাজীগঞ্জের বাসায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুমিল্লা জেলার গৌরিপুর নামক এলাকায় মৃত্যুবরণ করেন।
এদিকে মাহবুবুল আলম চুননুর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, হাজীগঞ্জ থানা, হাজীগঞ্জ প্রেসক্লাব ক্লাব, উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতি, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী জেলা ও উপজেলা শাখা, অন্মেষাসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
এ সময় উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খলিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবু তাহের, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কামরুজ্জামান টুটুলসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৯ ডিসেম্বর, ২০২১।