মোহাম্মদ হাবীব উল্যাহ্
গত কয়েকদিনে ধরে হাজীগঞ্জ বাজারের অসহনীয় যানজটে পথচারী, বাজারে আসা ক্রেতা-বিক্রেতা এবং জনসাধারণের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ জনদুর্ভোগ লাঘবে এবং বাজারের যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত ৫ জন চালককে ৯ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ফুটপাত দখল করে গাড়ি পাকিং এবং গাড়ি ও চালকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত চালক নূরে আলমকে নগদ ২ হাজার টাকা, মিলন সরকারকে ২ হাজার টাকা, মনির হোসেনকে ১ হাজার টাকা, আনোয়ার হোসেনকে ১ হাজার টাকা এবং আকতার হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা অনুযায়ী স্ব-স্ব চালককে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পরে স্ব-স্ব চালকেরা তাদের দোষ স্বীকার করে, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানাকৃত টাকা পরিশোধ করেন এবং পূণরায় এ ধরনের অপরাধ না করার প্রতিশ্রুতি দেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী চালক এবং বাজারের ফুটপাত দখলকারী ব্যবসায়ী, হকার ও উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং জনসচেতনতার কথা উল্লেখ করেন।
আদালত পরিচালনাকালে থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) তালুকদার আল মামুন, ট্রাফিক উপ-পরিদর্শক (টিএসআই) নাহিয়ান, থানার উপ-পরিদর্শক (এসআই) সাধন চন্দ্র নাথসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
