হানারচর ইউপি চেয়ারম্যান ছাত্তার রাঢ়ির ছেলে আটক

 

শাহ্ আলম খান
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউপি চেয়ারম্যান হাজি আব্দুর ছাত্তার রাঢ়ির ছোট ছেলে মামুন রাঢ়িকে আটক করেছে নৌ-পুলিশ। দৈনিক ইল্শেপাড়কে এই তথ্য নিশ্চিত করেন নৌ থানার ওসি জহিরুল ইসলাম। গত শুক্রবার (৫ মার্চ) চাঁদপুর হরিণা ফেরিঘাটে নৌ-থানা পুলিশের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা ও হাতাহাতির ঘটনায় তাকে আটক করে পুলিশ।
ঘটনার পরে ইউপি চেয়ারম্যান হাজি আব্দুর ছাত্তার রাঢ়ির তার ছেলেকে ছাড়িয়ে নেওয়ার জন্য নৌ পুলিশের সাথে বাকবিতন্ডা লিপ্ত হয়। অবশেষে নৌ-পুলিশ চেয়ারম্যানের ছেলেকে আটক করে চাঁদপুর নৌ থানায় নিয়ে যায়।
সকালে চাঁদপুর নৌ থানা ও হরিণা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ একসাথে নদীতে অভিযান চালায়। মার্চ-এপ্রিল দু’মাস জাটকা নিধন বন্ধে অভয়াশ্রম বাস্তবায়নের লক্ষ্যে নৌ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু হরিণা এলাকার কিছু দালাল চক্র জেলেদের আশ্রয় দিয়ে নদীতে মাছ ধরাচ্ছে। নৌ পুলিশ নদীতে অভিযান করার কারণে ইউপি চেয়ারম্যানের ছেলে মামুন রাঢ়ি তাদের সাথে বাকবিতণ্ডে জড়িয়ে পড়ে।
এই বিষয়ে হরিণা নৌ-ফাঁড়ির ইনচার্জ নাছিম জানায়, নৌ থানা পুলিশের সাথে হরিণা ফেরি ঘাটে ইউপি চেয়ারম্যানের ছেলে মামুনের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার সাথে সাথেই নৌ পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
নৌ-থানার ইনচার্জ জহিরুল ইসলাম জানায়, ইউপি চেয়ারম্যানের ছেলে মামুন রাঢ়ি নদীতে মাছ ধরার জন্য জেলেদের সার্বিক সহযোগিতা করে। নদীতে অভিযান করায় ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের ছেলে পুলিশের সাথে বাকবিতণ্ডা লিপ্ত হয়। এ কারণে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
০৭ মার্চ, ২০২১।