হামানকর্দ্দী পল্লীমঙ্গল উবিতে অভিযোগ বক্স স্থাপন

যৌন হয়রানি নির্মূলকরণে

স্টাফ রিপোর্টার
যৌন হয়রানি নির্মূলকরণে চাঁদপুর হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে ‘আমার কথা’ অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১টায় হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে অভিযোগ বক্স স্থাপন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাল্য বিয়ে, সাইবার বুলিং ও যৌন হয়রানীর কোন ঘটনা যদি কাউকে বলতে না পারো তাহলে তোমরা তোমাদের অভিযোগ আমার কথা বক্সে ফেলবে। এ ব্যাপারে শিক্ষার্থীরা যাতে নিজেরা সচেতন হয় পরিবার ও শিক্ষকদের সাথে খোলামেলাভাবে আলোচনা করবে। প্রয়োজনে পুলিশের হট লাইন নম্বরে যোগাযোগ করবে। চাঁদপুর জেলা পুলিশ সব সময় তোমাদের পাশে থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরীর নির্দেশে টহল পুলিশ হয়রানী প্রবণ এলাকায় টহল প্রদান করেন এবং পরবর্তীতে এই টহল অব্যাহত থাকবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাও. আবু নাসেরের সভাপতিত্বে এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক কালাচাঁদ দাস অসিতের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন জেলা যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্কের আহ্বায়ক প্রকৌশলী মো. দেলোয়ার হেসেন, ব্র্যাক মাইক্রোফ্যাইন্যান্স কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মো. মোনায়েম খান ও মো. জহিরুল ইসলাম, জেলা ব্র্যাক সমন্বয়কারী মো. জিয়াউর রহমান, বিদ্যালয়ের শিক্ষক মো. শওকত হোসেন, হাসান আহম্মেদ, রোকসানা আক্তারসহ শিক্ষকবৃন্দ।
স্টুডেন্ট ওয়াচ গ্রুপের সদস্য ও বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আয়েশা আক্তার তার বক্তব্যে বলেন, ব্র্যাক সমাজিক ক্ষমতায়ন কর্মসূচির মেজনিন প্রকল্পের মাধ্যমে আমার শিক্ষার্থীরা মিলে যৌন হয়রানী প্রবণ ম্যাপ (হ্যারেজ ম্যাপ) তৈরী করেছি। ম্যাপের ঐ স্থানগুলোতে যাতে পুলিশ বখাটেদের ধরে আইনের আওতায় নিয়ে আসে সেজন্য পুলিশকে অনুরোধ করছি।
পরে উপস্থিত শিক্ষার্থীরা বাল্য বিয়েকে লালকার্ড প্রদর্শন ও শপথ বাক্য পাঠ করেন।