হাসান আলী মডেল সপ্রাবিতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার
সারা দেশের মতো একযোগে চাঁদপুরেও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে এ স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এ নির্বাচনে ভোট প্রদান করেছে।
নির্বাচন পর্যবেক্ষণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী ও সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মানছুর আহমেদ। নির্বাচনে সার্বিকভাবে তত্ত্বাবধান করেন হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা শাফি বন্যাসহ শিক্ষকবৃন্দ। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ৫ম শ্রেণির শিক্ষার্থী মো. মাহবুবুল আলম।
নির্বাচনে ৭টি পদে ১৩ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে ৪র্থ শ্রেণির সাজিদ সেলিম ও জান্নাতুল আদন সারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ৫টি পদে ১১ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এরা হলেন ৫ম শ্রেণির ইফতে জাহা ইনা, শান্তনু দে, নাজিব ইরফান, তাসফিক নেছার, তাহসিন ইসলাম, মো. নাহিদ আহমেদ নূর, অর্ঘ্য কোমল লোধ, সিমন মাহাদী। ৫ম শ্রেণি থেকে ইফতেহা জাহান ইনা ৩শ’ ৮ ভোট, শান্তনু দে ২শ’ ৩ ভোট ও সিমন মাহাদী ১শ’ ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে ৩য় শ্রেণির সাবরিনা ইসলাম ২শ’ ৬৯ ভোট ও রবিউল ইসলাম ৩শ’ ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।