শিশুদের বেশি চাপের মধ্যে রাখবেন না
………ডা. জে আর ওয়াদুদ টিপু

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. এ আর ওয়াজেদ টিপু বলেছেন, সম্ভবত এই দিনটিই সবচেয়ে মজার দিন, যে দিনে খেলাধুলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। চাঁদপুর শহরে মাঠ বলতে এই মাঠটিই রয়েছে। হাসান আলী সপ্রাবি একটি সুনামধন্য বিদ্যালয়। এই বিদ্যালয়ের রেজাল্টও অনেক ভালো। এই বিদ্যালয়ের মাঠের জন্য খোলামেলা বাউন্ডারী দিলে ভালো হবে। অনেক আগেই এই ব্যাপারে আমি বলেছিলাম, কিন্তু কেন হচ্ছে না তা আমি জানি না।
তিনি আরো বলেন, বর্তমান সরকার বাংলাদেশের সবক’টি বিদ্যালয়কে ১০ তলা পর্যন্ত করার উদ্যোগ হাতে নিয়েছে। তা অনেক তাড়াতাড়ি বাস্তবায়ন করা হবে।
গতকাল রোববার বিকেলে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমানে অনেক অভিভাবক রয়েছে যারা নিজের সন্তানের স্কুল ছুটি হওয়ার পর আবার তাদের টিউশনের জন্য নিয়ে যায় টিচারের কাছে। জিপিএ-৫ পাওয়া যেনো আমাদের রোগ হয়ে গেছে।
প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনার সন্তানদের খেলাধুলা করতে দিবেন। তাদেরকে অধিক চাপের মধ্যে রাখবেন না। সবাই বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে এমন কোনো কথা নেই। কেউ কেউ সংস্কৃতিবিদ বা ভালো খেলোয়াড়ও হতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. সফি উদ্দিন আহমেদ।
বিদ্যালয়ের শিক্ষক নাজমা বেগম ও নুরুজ্জামান কাজলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাদশা, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহফুজুর রহমান টুটল, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশমত আরা সাফি বন্যা।
উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রীর চাঁদপুর প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি ও নাছির চোকদারসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন।
তিনি বলেন, আমি গত বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানে কাজের কারণে উপস্থিত হতে পারি নাই। এইবার এসে বুঝলাম যে এই অনুষ্ঠান জাতীয় পর্যায়ের আদলে জাঁকজমকভাবে উদ্বোধন করা হয়। হাসান আলী সপ্রাবি একটি গর্বের প্রতিষ্ঠান।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ বিদ্যালয়ে পড়াশুনা করছো এটা তোমাদের অনেক গর্বের ব্যাপার। তোমরা পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করে মানুষের মত মানুষ হবে এবং এই প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখবে।
ওইসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জিবন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হাফেজ আহমেদ, শিক্ষক মো. মালেকসহ অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী জুলফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন অসর আঁচল।
