স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি সোমবার (৫ অক্টোবর) দিনব্যাপী পৌর ১০নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। এদিন সকাল সাড়ে ১০টায় বিএনপি নেতা ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস হাজি মোশাররফ হোসেনকে সাথে নিয়ে চাঁদপুর কেন্দ্রিয় শহীদ মিনার সংলগ্ন রেললাইন এলাকা থেকে আক্তার মাঝি তাঁর নির্বাচনী গণসংযোগ শুরু করেন। আদালত পাড়া, কদমতলা, নতুনবাজার, রহমতপুর কলোনী, ট্রাকরোড, বটতলা, পালপাড়া, আলীমপাড়া হয়ে ছায়াবাণী মোড় পর্যন্ত এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির মেয়র প্রার্থী ধানের শীষে ভোট চেয়ে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা চষে বেড়ান এবং পথসভায় বক্তব্য রাখেন। দলীয় অসংখ্য নেতাকর্মী এ সময় তাঁর সঙ্গে ছিলেন।
পথসভায় আক্তার হোসেন মাঝি বলেন, বিএনপি সু-শৃংখলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে আসছে। গতকাল আমরা লক্ষ্য করেছি চাঁদপুর শহরে শত-শত মোটরসাইকেলের মহড়া হয়েছে। তারা নৌকার পক্ষে স্লোগান দিয়েছে। বিভিন্ন থানা থেকে লোকজন জড়ো করে তারা শহরের মধ্যে মহড়া দিচ্ছে। আর আমরা এই শহরের ভোটারদের নিয়ে গণসংযোগ করবো, সেখানে আইনের দোহাই দেয়া হচ্ছে। আইন কি শুধু বিএনপির জন্য, অন্য কোন দলের জন্য কি আইন নাই। এই বিষয়টি আমাদের উপলব্ধি এবং বুঝতে হবে।
তিনি বলেন, সরকারি দল দিশাহারা হয়ে গেছে। আমরা যতটা ওয়ার্ডে যাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডে ধানের শীষের ব্যাপক সাড়া পাচ্ছি। ধানের শীষের গণজোয়ার দেখে এই সরকার ভীত সন্ত্রস্ত। তাই সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। যাতে করে আমাদের মধ্যে এজেন্ট ঢুকিয়ে কোন একটা অপকর্ম তারা করতে না পারে। আমাদের লক্ষ্য ১০ তারিখ চাঁদপুর পৌরসভার শান্তিপূর্ণ নির্বাচন। এই শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বিএনপি যা যা করা প্রয়োজন তাই করবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভোট কেন্দ্র অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিয়ে রাখতে হবে। আমরা বি-শৃঙ্খলা চাইনা, সু-শৃংখল শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দেবে এবং তাদের মতামতের উপর ভিত্তি করে আগামির নগর সেবক হবে, এটাই আমরা চাই।
গণসংযোগকালে আরো বক্তব্য রাখেন ১০নং ওয়ার্ড বিএনপির নির্বাচন সমন্বয়কারী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তাফা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিমুছ সালাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ পাটোয়ারী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি বশির আহমেদ খান রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু, এ ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী মো. ইউসুফ মিয়াজী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বেপারী, ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ, ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন, শাহআলম কিরণ, পৌর ছাত্রদল নেতা শিপন, জেলা যুবদলের সদস্য মাইনুদ্দিন খোকন, ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি আবুল বাশার, ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক আল আমিনসহ আরো অনেক নেতা-কর্মী।
৬ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- ১০নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আক্তার মাঝির গণসংযোগ
