১৩ অক্টোবর ভাষাবীর এমএ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব শুরু

স্টাফ রিপোর্টার
‘শুদ্ধ চিন্তা মুক্ত থাকুক যুক্তির আশ্রয়ে’ এই স্লোগানে দেড় হাজার বিতার্কিকদের অংশগ্রহণে চাঁদপুরে আগামি ১৩ অক্টোবর শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব। উৎসব চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। সোমবার (১০ অক্টোবর) দুপুরে এ উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজের সম্মেলন কক্ষে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়।
উৎসব সম্পর্কে বিস্তারিত বর্ণনা তুলে ধরেন ভাষাবীর এমএ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসবের চেয়ারম্যান সাব্বির আজম।
তিনি বলেন, জাতীয় পর্যায়ের এই বিতর্ক উৎসবে প্রায় ১৫০ শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এর মধ্যে বিশ^বিদ্যালয় রয়েছে ৩২টি। বিতার্কিকদের সাথে শিক্ষকসহ সবমিলিয়ে প্রায় সড়ে ৭ হাজার লোকের সমাগম হবে। দেশবরেণ্য গুণী ব্যাক্তিবর্গ আয়োজনে অতিথি হিসেবে আসবেন। এত বড় একটি আয়োজন সফল করার জন্য গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রয়োজন। আয়োজন চাঁদপুর শহরে হলেও আমরা চাই এই উৎসবে নতুন একটা মাত্রা যোগ হবে।
সাব্বির বলেন, সারাদেশ থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অনেক গুণী ব্যাক্তি উৎসবকে কেন্দ্র করে চাঁদপুরে আসবেন। এতে আমাদের জেলার ব্র্যান্ডিংও হবে। এ ক্ষেত্রে আগতদের আমাদের সবার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। কারণ আগত অতিথি ও অংশগ্রহণকারী বিতার্কিকরা বিভিন্নভাবে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ কে তুলে ধরবে। একই সাথে জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ চাঁদপুর সরকারি কলেজও পরিচিতি পাবে। এছাড়াও এই উৎসবে আমরা দুইজন গুণী ব্যাক্তিকে আজীবন সম্মাননা প্রদান করবো।
চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক কিউএম হাসান শাহরিয়ারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অসিত বরণ দাশ।
তিনি বলেন, এই বিতর্ক উৎসবের আয়োজক সিডিএম চাঁদপুর সরকারি কলেজেরই একটি সংগঠন। আয়োজন হচ্ছে এই কলেজে। যে কারণে আমাদের বড় ধরণের অংশগ্রহণ রয়েছে। জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠান সফল করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। গণমাধ্যমের সহযোগিতায় আমাদের দীর্ঘ পথ চলা। চাঁদপুরকে এগিয়ে নিতে আমরা সবাই অবশ্যই একসঙ্গে কাজ করব।
বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, রহিম বাদশা ও এএইচএম আহসান উল্লাহ।
সাংবাদিক নেতারা বলেন, চাঁদপুর সদর আসনের সাংসদ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বাবা মরহুম ভাষাবীর এম এ ওয়াদুদ একজন গুরুত্বপূর্ণ ব্যাক্তি ছিলেন। তিনি কতটা গুরুত্বূর্ণ, সৎ ও মহান ব্যাক্তি যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর বইতে লিখেছেন। তিনি চাঁদপুরের কৃতী সন্তান। যে কারণে আমাদের কাছে এই বিতর্ক উৎসব আরো গুরুত্ব বহন করে। মিট দ্য প্রেসে জাতীয় গণমাধ্যম, স্থানীয় দৈনিকের সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট এবং চাঁদপুর সরকারি কলেজের অনুপ্রেরণায় চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম) এবং চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ) এর আয়োজনে এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) এর সহযোগিতায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব ২০২২ অনুষ্ঠিত হবে। উৎসবের শ্লোগান ‘শুদ্ধ চিন্তা মুক্ত থাকুক যুক্তির আশ্রয়ে।
দেশের সবচেয়ে বড় এই বিতর্ক উৎসবে ইতোমধ্যেই দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২২ এর জন্য নিবন্ধন এবং অংশগ্রহণ নিশ্চিত করেছে। ১৩ অক্টোবর থেকে বিতার্কিকদের এই মিলনমেলা শুরু হবে। জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও ১৪-১৫ অক্টোবর ১৫০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০০০ এরও বেশি বিতার্কিক এবং বিতর্ক অনুরাগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে জাতীয় বিতর্ক উৎসব। ইতোমধ্যেই উৎসবে অংশগ্রহণের জন্য বিতার্কিক ও বিতর্ক অনুরাগীরা তাদের নিবন্ধন নিশ্চিত করেছেন। দেশের সব প্রান্ত থেকে আগত বিতার্কিকদের স্বাগত জানাবে মেঘনা বিধৌত রুপালী ইলিশের বাড়ি চাঁদপুর।
উৎসবে ‘মিট উইথ ডা. দীপু মনি, এমপি; বর্ণিল শোভাযাত্রার সাথে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, নানাবিধ প্রদর্শনী বিতর্ক, মিট উইথ আয়মান সাদিক, মিট দ্য ডিবেট লিজেন্ডস, প্ল্যানচেট বিতর্ক, সিডিএম আজীন সম্মাননা পদক, সিডিএম এচিভার্স ডিবেটার্স এওয়ার্ডস ২০২২, ডিবেটার্স কালচারাল নাইট, জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, পলিসি বিতর্ক সভা, ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট শো এবং সমাপনি অনুষ্ঠান থাকবে।
উৎসবের ১৩ অক্টোবর বিতার্কিকদের সাথে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র সাথে ‘মিট উইথ ডা. দীপু মনি এমপি’ শিরোনামে ফেলোশীপ নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হবে। ১৪ অক্টোবর উৎসবের উদ্বোধনী শোভাযাত্রায় নেতৃত্ব দিবেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসব উদ্বোধন করবেন ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি, উৎসবের প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি (ভার্চুয়ালি সংযোগ), প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটির সদস্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম, ডা. আব্দুন নূর তুষার, সাবেক সভাপতি, বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) ও টেন মিনিট স্কুেলর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।
১৫ অক্টোবর বিকাল ৪টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, সাংবাবিদ মোজাম্মেল বাবু, বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) এর সাবেক সভাপতি ডা. আব্দুন নূর তুষার এবং এভারেস্ট বিজয়ী কন্যা নিশাত মজুমদার।
উৎসবের বিচারকার্য সম্পাদনের জন্য গঠিত প্যানেলের প্রধান হিসেবে থাকছে সিডিএম;র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির তারকা বিতার্কিক এবং কুমিল্লা জেলা সহকারি জুডিশিয়াল বিচারক মুহম্মদ ওমর ফারুক ফাহিম, উপ-প্রধান বিচারক হিসেবে থাকছেন জাফর সাদিক, সাধারণ সম্পাদক, প্রথম আলো বন্ধুসভা কেন্দ্রীয় কমিটি ও সাবেক বিতার্কিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; মাহাদী হাসান, সহকারী অধ্যাপক-আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মডারেটর, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি; মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক, দৃষ্টি চট্টগ্রাম এবং সহকারি অধ্যাপক প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগাম; মনোয়ার আলীম তন্ময়, সাবেক কনভেনার (ইংরেজি বিতর্ক), ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, মো: সাইফ উদ্দিন, সহ সভাপতি, বাংলাদেশ ডিবেট ফেডারেশন, জিহাদ আল মেহেদী, যুগ্ম সাারণ সম্পাদক, বাংলাদেশ ডিবেট ফেডারেশন; সৌরভ অধিকারী, সহ সাধারণ সম্পদক, বাংলাদেশ ডিবেট ফেডারেশন, রাকিবুল হাসান শান্ত, সাবেক সহ সভাপতি, চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি; মোহাম্মদ আবু ফয়সাল, সাবেক সভাপতি, চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি; এইচ এম সাবির নূর, ডেপুটি জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ ডিবেট ফেডারেশন, শাকিল আহমেদ সাগর, সভাপতি, বুটেক্স ডিবেটিং ক্লাব এবং সাবেক সভাপতি ফরিদপুর ডিবেট ফোরাম, তানভির রিফাত, রাজশাহি ডিবেট ফোরাম; মাহমুদ আবদুল্লাহ বিন মুন্সি, সাবেক সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিসহ আরো অনেকে।
উৎসবের সমতা সংরক্ষণ কমিটিতে দায়িত্ব পালন করবেন রাজশাহি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হল ডিবেটিং সোসাইটির সভাপতি তাজরিন আহমদে খান মেধা, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ল ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি রাইসা তাবাসসুম এবং চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ) এর সাবেক সাধারণ সম্পাদক মাহজাবিন অধরা।
ট্যাব পদ্ধতিতে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ট্যাব ডিরেক্টর হিসেবে থাকছে শুভ্র হাসান, সাবেক সভাপতি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
উৎসবে বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ মোহাম্মদ শুকরানার নেতৃত্বে সাবেক ও বর্তমান তারকা বিতার্কিকদের সমন্বয়ে শতাধিক বিতার্কিক জাতীয় পর্যায়ের সবচেয়ে বড় এই মিলনমেলায় অংশ নিয়ে এবং বিভিন্ন ধরনের প্রদর্শনী বিতর্কে অংশ নিবে। উৎসবে চাঁদপুরের বিতর্ক অঙ্গনে অনন্য অবদান এবং বিতর্কের প্রসারে ভূমিকা রাখার জন্য দুজন বিতর্ক অনুরাগীকে সিডিএম আজীবন সম্মাননা পদক এ ভূষিত করা হবে। একই সাথে চাঁদপুরের সন্তান হিসেবে জাতীয় পর্যায়ে বিতার্কিক হিসেবে গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান এবং কৃতিত্ব অর্জন করেছেন এমন ১২ জন কৃতী বিতার্কিককে সিডিএম এচিভার্স ডিবেটার্স এওয়ার্ডে ভূষিত করা হবে।

১১ অক্টোবর, ২০২২।