গল্লাক ফুটবল টুর্নামেন্ট সিজন-৩ উদ্বোধন

সৎ ও সাহসিকতার প্রতীক শেখ হাসিনা
……মুহম্মদ শফিকুর রহমান এমপি

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, বিশে^র তিনজন সৎ প্রধানমন্ত্রীর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন। তিনি সৎ ও সাহসিকতার প্রতীক। তার সাহসিকতা ও ধৈর্য্যের কারণে আমরা মহামারী করোনার সময়েও বিপড়ে পড়িনি। এখন যুদ্ধ এবং বৈশি^ক দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এশিয়ার অনেক দেশ যেখানে হিমশিম খাচ্ছে, তখন আমাদের নেত্রীর ঐকান্তিক প্রচেষ্টার ফলে অনেক দেশ থেকে অনেকটা ভাল রয়েছি। তবে সামনে কঠিন সময় আসছে। তাই এই সময়ের চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হলে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ববান হতে হবে। প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী এক ইঞ্চি পরিমাণ জায়গাও অনবাদি রাখা যাবে না। আমরা যদি খাদ্যসহ নিত্যপণ্য উৎপাদন ভালভাবে করতে পারি, তবে অবশ্যই এই কঠিন সময়েও বাংলাদেশের মানুষ সুখে থাকবে।
সোমবার (১০ অক্টোবর) বিকালে ফরিদগঞ্জে গল্লাক ফুটবল টুর্নামেন্ট সিজন-৩ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। তিনি বলেন, খেলাধুলা মাধ্যমে আমাদের শারীরিক সক্ষমতা বাড়ে। বর্তমানে একজন ভাল খেলোয়াড় শুধু নিজের নয় দেশেরও সম্মান বয়ে আনে। এছাড়া যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি ও গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকন আখন্দের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন, গল্লাক আদর্শ কলেজের অধ্যক্ষ হরিপদ দাশ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি বাবুল পাটওয়ারী। টুর্নামেন্টে মোট ১৬ দল অংশগ্রহণ করছে।

১১ অক্টোবর, ২০২২।