মোহাম্মদ হাবীব উল্যাহ্
টানা অষ্টমবারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন মো. আব্দুল খালেক মেম্বার নামের হাজীগঞ্জের এক ইউপি সদস্য। জনগণের ভালোবাসা আর নিজের কৌশল এবং কতটা জনপ্রিয় হলে ১৯৮৭ সাল থেকে টানা ৩৫ বছর জনপ্রতিনিধি থাকা যায়, তিনি তাঁর দৃষ্টান্ত স্থাপন করেন। এবারও তিনি নির্বাচিত হয়েছেন।
আব্দুল খালেক মেম্বার উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই ইউনিয়নের সাকছিপাড়া গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে। তিনি ইউপি সদস্যের পাশাপাশি স্থানীয় নওহাটা ফাজিল (ডিগ্রি) মাদরাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও অভিভাবক সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্বরত আছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আব্দুল খালেক মেম্বার ১৯৮৭ সালে প্রথম ইউপি সদস্য (মেম্বার) পদে নির্বাচিত হন। এরপর ১৯৯১, ২০০১, ২০০৬, ২০১১, ২০১৬ সালে নির্বাচিত হয়ে টানা ৩৫ বছর জনপ্রতিনিধি হিসেবে সেবা দিয়ে যাচ্ছেন। সবশেষ গত ২৬ ডিসেম্বর (২০২১) অনুষ্ঠিত নির্বাচনে তিনি অষ্টমবারের মতো নির্বাচিত হয়েছেন।
আব্দুল খালেক মেম্বার জানান, তিনি টানা আটবারের মধ্যে একবার বিনা প্রতিদ্ব›দ্ধীতায় ও বাকী সাতবার সরাসরি জনগণের ভোটে প্রতিদ্ব›দ্ধী প্রার্থীদের সাথে প্রতিদ্ব›দ্ধীতা করে নির্বাচিত হয়েছেন।
তিনি বলেন, নির্বাচিত হতে হবে, কখনো এমন চিন্তা করিনি। মানুষের সেবা করতে হবে, তাঁদের পাশে থাকতে হবে, এটাই ছিল আমার একমাত্র উদ্দেশ্য। তাই মানুষ আমাকে ভালোবেসে বারবার ভোট দিয়ে নির্বাচিত করছে। আমিও গত ৩৫ বছর ধরে তাদের ভালোবাসার যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করে যাচ্ছি। আগেও ছিলাম, ইনশআল্লাহ আমৃত্যু তাদের পাশে থাকবো।
০৩ জানুয়ারি, ২০২২।
