২০ প্রার্থীর মনোনয়ন উত্তোলন ও জমা

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির নির্বাচনে

স্টাফ রিপোর্টার
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির নির্বাচন উপলক্ষে ১২টি পদে ২০ প্রার্থী মনোনয়ন উত্তোলন ও জমা দিয়েছে। আগামি ২৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার ২৮৭ জন।
বুধবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীরা সমিতির অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজি মো. সফিউল্যাহ হাওলাদার, সদস্য রফিকুল ইসলাম ভূঁইয়া, প্রধান নির্বাচন কমিশনার ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. মোতালেব খান, নির্বাচন কমিশনার ও জেলা সমবায় অফিসে কর্মকর্তা আলমগীর হোসেন ও ব্যবসায়ী জালাল উদ্দীন বাবুল জমাদারের কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন এবং জমা দেন।
নির্বাচনে ১২টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন এবং জমা দেন। এরা হচ্ছেন- সভাপতি পদে আলহাজ মো. মিজানুর রহমান কালু ভূঁইয়া ও আ. বারী জমাদার মানিক, সহ-সভাপতি মো. মুনসুর বন্ধুকসী ও মো. বাদশা মাল, সাধারণ সম্পাদক মো. শবেবরাত ও হাজি মো. আনোয়ার হোসেন গাজী, সহ-সাধারণ সম্পাদক পদে শাহজান বেপারী ও সোহেল গাজী, কোষাধ্যক্ষ মো. মাইনুদ্দিন বেপারী ও মো. জাহাঙ্গীর জমাদার, পরিচালক পদে সানাউল্লাহ মিজি, ইয়াকুব খান, মো. আ. খালেক বেপারী, মো. রুহুল আমিন গাজী, মো. ওমর ফারুক চোকদার, মো. সুমন খান, মো. মাসুম মিয়া মাসুদ, মো. দাদন বেপারী, মো. সিদ্দিকুর রহমান ও শ্রীকৃষ্ণ চন্দ্র দে।
উল্লেখ্য, আগামি ২৫ জানুয়ারি ২৮৭ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। সংগঠনটির আগামি ৩ বছরের মেয়াদকালের জন্য নির্বাচিত পরিষদ গঠন করার লক্ষ্যে অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করেন। কমিটির সভাপতি হাজি মো. সফিউল্যাহ হাওলাদার, সদস্য রফিকুল ইসলাম ভূঁইয়া ও ফয়সাল আহমেদ বাহার। ঘোষিত তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। আগামি ২৬ ডিসেম্বর দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং একইদিন দুপুর ২টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগামি ২৭ থেকে ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র বৈধতা ও বাতিলের বিষয়ে আপিল গ্রহণ করবে নির্বাচন কমিশন। এ আপিল গ্রহণ করা হবে জেলা সমবায় কার্যালয়ে অফিস সময় চলাকালীন। ৩০ ও ৩১ ডিসেম্বর একই অফিসে অফিস চলাকালীন সময়ে আপিলের উপর শুনানি অনুষ্ঠিত হবে। আগামি ২ জানুয়ারি সকাল ১১টায় সংগঠনের কার্যালয়ে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ৭ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। একই দিন বিকেল ৩টায় চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ। ৮ জানুয়ারি সকাল ১০টা থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামি ২৫ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ।
২৪ ডিসেম্বর, ২০২০।