সজীব খান
চাঁদপুর-সিলেট লাইনে প্রায় ২ যুগ আগে একটি ট্রেন চালু ছিল। রেলওয়ের ব্যবসাবহুল লোকাল ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়। এরপর ওই ট্রেন সার্ভিসটি চালু করতে বহু চেষ্টা তদবিরেও তা আর আলোর মুখ দেখেনি।
অবশেষে দীর্ঘ বছর পর এবার রমজানের ঈদের আগে চার দিন এবং পরে পাঁচ দিন চাঁদপুর সিলেট রুটে একটি স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এটি আট কোচের ট্রেন হবে। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার।
তিনি বলেন, এবারই প্রথম পরীক্ষামূলকভাবে আমাদের অনুরোধে চাঁদপুর-সিলেট রুটে স্পেশাল ট্রেন চলবে। ইতোমধ্যে এ সম্পর্কে আদেশের কপির একটি চিঠি আমরা হাতে পেয়েছি। এই ট্রেনের টিকিট আমাদের অন্যান্য ট্রেনের মতোই সব স্টেশন থেকে কাটা যাবে। আশা করছি এর মধ্য দিয়ে চাঁদপুর রেলওয়ে আরও একধাপ এগিয়ে যাবে।
বিষয়টি জানার পর চাঁদপুরের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। নিয়মিতভাবে চাঁদপুর সিলেট রুটে ট্রেন চলাচলের দাবি করেছে চাঁদপুরবাসী। চাঁদপুর-সিলেট রুটে নিয়মিত ট্রেন চলাচল অব্যাহত থাকলে চাঁদপুর সিলেট রুটের যাতায়েতকারী যাত্রীদের বহু কষ্ট লাঘব হবে বলে তারা জানিয়েছে। ঈদ উপলক্ষে ট্রেন চালু হওয়ায় চাঁদপুর সিটেল ট্রেন যাত্রীদের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে। ঈদের স্পেশাল ট্রেন চালু হওয়ায় বর্তমান সরকার ও রেল কর্তৃপক্ষকে তারা ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
২৬ মার্চ, ২০২৩।
