
স্টাফ রিপোর্টার
রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশের ২০২০ সালের কনফারেন্স ‘সমারোহ’ আগামি ৩ ও ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য কনফারেন্সে সারা দেশের কমপক্ষে ২ হাজার রোটারিয়ান এতে অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। কনফারেন্সে বিভিন্ন দেশের রোটারিয়ানরাও অংশ নেবেন।
বাংলাদেশের চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে ১শ’ ৬৫টি রোটারী ক্লাব রয়েছে। ঐ ক্লাবগুলোতে প্রায় ৬ হাজার রোটারিয়ানদের মধ্যে অন্তঃত ২ হাজার রোটারিয়ান ২০২০ সালের কনফারেন্স ‘সমারোহ’ এ অংশ নেবেন।
কনফারেন্সের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ২০২২-২৩ রোটাবর্ষের গভর্নর নির্বাচন। প্রতিটি ক্লাবের ভোটে ২০২২-২৩ রোটাবর্ষের গভর্নর নির্বাচিত হবেন। সদস্যদের সংখ্যা অনুপাতে প্রতি ক্লাবে ১ থেকে ৪টি ভোট রয়েছেন। প্রতিটি ক্লাবের সভাপতি অথবা সেক্রেটারীরা প্রধানত ভোট প্রদান করবেন। ইতোমধ্যে ৪ জন প্রার্থী ২০২২-২৩ রোটাবর্ষের গভর্নর পদে নির্বাচিত হতে সারা দেশ চষে বেড়াচ্ছেন।
কনফারেন্স চেয়ারম্যান রোটারিয়ান একেএম শামসুল হক দিপু জানান, ২০২০ সালের ৩ ও ৪ জানুয়ারি সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডিস্ট্রিক্ট কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে সারা দেশের রোটারিয়ান ছাড়াও রোটারী ইন্টারন্যাশনালের সাবেক প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রোটারিয়ানরা অংশ নেবেন। ইতোমধ্যে রোটারিয়ান ও তাদের পরিবারের রেজিস্ট্রেশন চলছে।
তিনি আরো বলেন, কনফারেন্সের সফল আয়োজনের জন্য চলছে নানা প্রস্তুতি। বিভিন্ন উপ-কমিটি তাদের কাজ করছে। এছাড়া আন্তর্জাতিক মানের সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারটির পরিবেশও অত্যন্ত চমৎকার। ফলে রোটারিয়ান ও তাদের পরিবারের সদস্যরা কনফারেন্সে অংশ নিয়ে ভালো ফেলোশীপ করতে পারবেন বলে আমি মনে করি।
২০১৯-২০ রোটাবর্ষের গভর্নর রোটারিয়ান লে. কর্নেল (অব.) প্রিন্সিপাল এম. আতাউর রহমান পীর জানান, আমাদের রোটারী জেলার ১শ’ ৬৫টি ক্লাবের সদস্যদের অংশগ্রহণে ডিস্ট্রিক্ট কনফারেন্স সমৃদ্ধ হবে। এছাড়া কনফারেন্সে ২০২২-২৩ রোটাবর্ষের গভর্নর নির্বাচনেও ক্লাব প্রেসিডেন্টরা অংশ নেবেন।
উল্লেখ্য, চাঁদপুর জেলায় ৪টি রোটারী ক্লাব রয়েছে। ১৯৭০ সালে প্রথম চাঁদপুর রোটারী ক্লাব প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৯০ সালে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব এবং পরে হাজীগঞ্জ রোটারী ক্লাব ও মতলব রোটারী ক্লাব প্রতিষ্ঠিত হয়। ঐ ৪টি ক্লাব থেকে প্রতি বছরই অর্ধ শতাধিক রোটারিয়ান ডিস্ট্রিক্ট কনফারেন্সে অংশ নেন। আগামি কনফারেন্সেও অর্ধ শতাধিক রোটারিয়ান অংশ নেবেন বলে জানা গেছে।
