স্টাফ রিপোর্টার
চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসন থেকে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি এবার ১ লাখ ৮ হাজার ১শ’ ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গত রোববার রাতে সহকারী রিটার্নিং অফিসার ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণা করা হয়।
ডা. দীপু মনি ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে টানা চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
গত রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে নির্বাচিত হন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
চাঁদপুরের এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭ জন প্রার্থী। আওয়ামী লীগের ডা. দীপু মনি নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১শ’ ৬৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া (ঈগল) ২৪ হাজার ১শ’ ৯৭ ভোট, জাকের পার্টির মো. কাওছার মোল্লা (গোলাপ ফুল) ১ হাজার ৪শ’ ৩৭ ভোট, মো. রেদওয়ান খান (ট্রাক) ১ হাজার ২শ’ ৩৪ ভোট, জাতীয় পার্টির মো. মহসীন খান (লাঙ্গল) ৮শ’ ২৮ ভোট, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আবু জাফর মো. মাঈনুদ্দিন (মোমবাতি) ৭শ’ ৩৩ ভোট ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. মিজানুর রহমান (ফুলের মালা) ৩শ’ ৪৩ ভোট পেয়েছেন।
এই আসন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ৫ জন জামানাত হারান।
১০ জানুয়ারি, ২০২৪।
