৪র্থ বারের মতো মনোনয়ন পেলেন ডা. দীপু মনি

চাঁদপুরে নেতাকর্মীদের আনন্দ মিছিল

এস এম সোহেল
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) নির্বাচনী আসনে আবারো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ, শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। এ নিয়ে তিনি ৪র্থ বারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন পেলেন। গত তিনবারের মধ্যে তিনি তিনবারই নির্বাচিত হয়েছেন।
রোববার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যালয় থেকে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর মধ্যে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) নির্বাচনী আসনে ডা. দীপু মনির নাম ঘোষণা করা হয়।
এদিকে ডা. দীপু মনির মনোনয়ন চূড়ান্ত হওয়ায় চাঁদপুর সদর ও হাইমচরে আনন্দ-উল্লাস প্রকাশ করেন দলীয় নেতাকর্মী ও তাঁর সমর্থকরা। এদিন সন্ধ্যায় চাঁদপুর শহরে আনন্দ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলটি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কদমতলাস্থ বাসভবন প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে এসে শেষ হয়।
মিছিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্য চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী। তিনি তার বক্তব্যে বলেন, আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। এটা একটা গভীর ষড়যন্ত্র। প্রতিটি নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। আগামি দিনে শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীদের আমাদের জয়যুক্ত করতে হবে। জননেত্রী শেখ হাসিনা যোগ্য ব্যক্তি ডা. দীপু মনিকে যোগ্যস্থানে বসিয়েছেন। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, যত ষড়যন্ত্র করা হোক শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থী ডা. দীপু মনিকে আমাদের জয়যুক্ত করতে হবে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক ও উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী।
আনন্দ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হাসান ইমাম বাদশা, উপদেষ্টা মুক্তিযোদ্ধা এস এম সালাউদ্দিন, জেলা মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি. ঝন্টু দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর আ. মালেক শেখ, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর সফিকুল ইসলাম, কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ডা. দীপু মনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো দলীয় মনোনয়ন পেয়ে সাংসদ নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন।

২৭ নভেম্বর, ২০২৩।