৬ষ্ঠবারের মতো মনোনয়ন পেলেন মেজর রফিক

হাজীগঞ্জে নেতাকর্মী ও সমর্থকদের আনন্দ মিছিল

মোহাম্মদ হাবীব উল্যাহ্
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ ও মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। এ নিয়ে তিনি ৬ষ্ঠ বারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন পেলেন। গত পাঁচবারের মধ্যে তিনি চারবার নির্বাচিত হয়েছেন।
রোববার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর মধ্যে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের নাম ঘোষণা করা হয়।
তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন পেয়ে দ্বিতীয়বার সংসদ নির্বাচিত হন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারো দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং আবারো নৌ-পরিবহন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং পরিকল্পনা মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।
এদিকে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের মনোনয়ন চূড়ান্ত হওয়ায় হাজীগঞ্জে আনন্দ-উল্লাস প্রকাশ করেন দলীয় নেতাকর্মী ও তাঁর সমর্থকরা। এদিন বিকালে হাজীগঞ্জ বাজারে আনন্দ মিছিল ও আনন্দ সমাবেশ করা হয়। মিছিলটি পশ্চিম বাজার থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ সিটি শপিং কমপ্লেক্সের সামনে আনন্দ সমাবেশ স্থলে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও হাজীগঞ্জ উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক রোটা. আহসান হাবিব অরুন, হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মো. আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যাপক স্বপন কুমার পাল ও আলহাজ¦ মো. সেলিম প্রমুখ। মিছিল ও সমাবেশে নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে হাজীগঞ্জ বাজার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জাহিদুর রহমান জাহিদ, ফরিদুল আলম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

২৭ নভেম্বর, ২০২৩।