মসজিদগুলো সব আধুনিক তথ্য পাওয়ার একটি উৎস হতে পারে
……আবদুল্লাহ আল মাহমুদ জামান
মো. সিন্টু
ইমাম প্রশিক্ষণ একাডেমির অর্থায়নে ৫ দিনব্যাপী রিফেসার্স ইমাম প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি তার বক্তব্যে বলেন, ইমাম হচ্ছে নেতা। আর নেতা হলে সবকিছু সম্পর্কে আপনার অবগত হতে। আধুনিক প্রযুক্তির দিকেও পারদর্শী হতে হবে। তবে বর্তমানে এখন অনেক পরিবর্তন হচ্ছে। আসলে এগুলো দরকার আছে।
তিনি বাল্য বিবাহ সম্পর্কে বলেন, পটুয়াখালীতে কর্মরত অবস্থায় ইমামদের নিয়ে আমি অনেক আলোচনা করেছি। বাল্য বিবাহের ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে। বাল্য বিবাহের কারণে একটি মেয়ের জীবন ধ্বংস হয়ে যায়। তার জীবনটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। আমাদের চাঁদপুরে যেন বাল্যবিবাহ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, মাদকের মধ্যে আমাদের যুব সমাজ মায়াজালের মধ্যে আসক্ত হয়ে পড়ছে। এ মাদকের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মসজিদের ইসলামিক বয়ানের পাশাপাশি সামাজিক সচেতনতার ব্যাপারে বয়ান করা উচিত। মসজিদগুলো সব আধুনিক তথ্য পাওয়ার একটি উৎস হতে পারে।
চাঁদপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ইমাম প্রশিক্ষণের উপ-পরিচালক মো. জাকির হোসেন প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাও. আবদুস সালাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কচুয়া নলুয়া উত্তর পাড়া বায়তুন নুর জামে মসজিদের খতিব মাও. মো. আলাউদ্দিন। নাতে রাসূল পরিবেশন করেন মনোহরখাদী জামে মসজিদের ইমাম মাও. মো. রুহুল আমিন।
২৮ ফেব্রুয়ারি, ২০২১।
