৬ষ্ঠ শ্রেণির ছাত্রী স্কুলে যাওয়ার পথে অপহরণ মতলব উত্তরে ১২ দিন পর অপহৃতা উদ্ধার

মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়া হাজী মঈনউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আলো আক্তারকে ৮ নভেম্বর বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করা হয়। ছাত্রীর মা পারুল বেগম বাদি হয়ে মতলব উত্তর থানায় ২১ নভেম্বর চরমাছুয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে ফারুক হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করে। অপহরণকারী ফারুকের মা ফাতেমা বেগমকে পুলিশ আটক করে। গত মঙ্গলবার সন্ধ্যায় অপহৃতা আলো আক্তারকেও উদ্ধার করে পুলিশ। তবে অপহরণকারী ফারুক এখনো পলাতক রয়েছে।
মতলব উত্তর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা রুজু হয়। মামলায় চরমাছুয়া গ্রামের মোশারফ ছৈয়ালের ছেলে মো. ফারুক, এবাদ উল্যাহ ছৈয়ালের ছেলে মোশারফ ছৈয়াল, মোশারফ হোসেন ছৈয়ালের স্ত্রী ফাতেমা বেগম, এবাদ উল্যাহ ছৈয়ালের ছেলে মো. আক্রাম, রহিম আলীকে বিবাদী করা হয়। গতকাল বুধবার আটককে আদালতে প্রেরণ করা হয়। অপহৃতা ছাত্রী আলো আক্তারকে বিচারকের আদালতে হাজির করা হলে জবানবন্দি পেশ করে।