প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ১৮তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামি ৬ ডিসেম্বর দুপুর আড়াইটায় চাঁদপুর স্টেডিয়ামে উদ্বোধন করা হবে। টুর্নামেন্টে ৮ উপজেলা ক্রীড়া সংস্থা দল অংশগ্রহণ করবে। প্রতি দলে ৫ জন স্থানীয় খেলোয়াড় ও ৬ জন বহিরাগত খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা সভাপতি ও জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি ও পুলিশ সুপার চাঁদপুর মোহাম্মদ মাহবুবুর রহমান পিপিএম (বার), পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে চাঁদপুর সদর উপজেলা ও কচুয়া উপজেলা। উদ্বোধনী অনুষ্ঠানসহ সব খেলা উপভোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও ফুটবল কমিটির সম্পাদক শাহির হোসেন পাটোয়ারী।
এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু জানান, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ১৮তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামি ৬ ডিসেম্বর উদ্বোধন হবে। এ উপলক্ষে ব্যাপক আয়োজন করা হচ্ছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র আন্তরিকতায় বিগত সময়ে আমরা চাঁদপুরে ক্রীড়াঙ্গনে সব ধরনের খেলাধুলা জাকজমক পরিবেশে করতে পেরেছি। আগামিতেও এ ধারা অব্যাহত থাকবে।
ফুটবল কমিটির সম্পাদক শাহির হোসেন পাটোয়ারী জানান, চাঁদপুরের খেলাধুলার ঐতিহ্য সারা বাংলাদেশে রয়েছে। আমরা আগামি ৬ ডিসেম্বর চাঁদপুর স্টেডিয়ামে ১৮তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছি।
