
শিশুদের মেধাবিকাশে ক্রীড়া ও সহশিক্ষা পাঠ্যক্রম অন্যন্য ভূমিকা রাখে
………………………মুহম্মদ শফিকুর রহমান এমপি
নবী নোমান
গত রোববার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, শিক্ষার্থীদের প্রকৃত মেধার বিকাশ ঘটাতে পারে ক্রীড়া ও সহশিক্ষা পাঠ্যক্রম। স্কাউটিং, বির্তক প্রতিযোগিতা, সাংস্কৃতিক চর্চা এবং নিয়মিত ক্রীড়াচর্চা তাদের লেখাপড়ার সাথে সাথে কাক্সিক্ষত লক্ষ্য বস্তুতে নিয়ে যেতে পারে। আজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মাশরাফি, সাকিব, মুশফিক, যার কথাই বলি না কেন, তারা প্রত্যেকেই নিয়মিত লেখপড়ার সাথে সাথে খেলাধুলার সাথে জড়িত থাকার কারণে তাদের আজ বিশ্বজোড়া নাম। তাদের কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। তাই আমাদের শিক্ষার্থীরাও যাতে এসব বিষয়ে চর্চা নিয়মিত অব্যাহত রাখতে পারে, সেই জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে আরো বেশি আন্তরিক হতে হবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইদ্রিছ মিয়ার সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আ. লতিফ খানের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজ, ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফি, আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য খাজে আহম্মেদ মজুমদার ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ।
