চাঁদপুর জেলায় ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের কার্যক্রম

ব্র্যাকের কর্মসূচিকে দারিদ্র্য নিরসনে গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে অভিহিত করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক বাংলাদেশসহ আন্তর্জাতিক পর্যায়ে অক্টোবর মাসব্যাপী নানা কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে গতকাল সোমবার চাঁদপুর জেলায় ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। তিনি ব্র্যাকের উল্লেখিত কর্মসূচির কর্মসূচি পরিচিতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দেশজুড়ে অতিদারিদ্র্য নিরসনে ব্র্যাকের ভূমিকার প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, এ কর্মসূচির কৌশল ও কার্যক্রমের প্রশংসিত এবং টেকসই উন্নয়নের জন্য কার্যকরী উদ্যোগ বলে মনে করেন। এ কর্মসূচির অপারেশনাল ম্যানেজমেন্ট, মনিটরিং ও ফলোআপ খুবই ভাল বিধায় টেকসই উন্নয়নের ধারা বজায় রেখেছে। চাঁদপুর জেলায় ভিক্ষুকমুক্ত করনে সরকারী কার্যক্রমের পাশাপাশি ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের কলাকৌশল ও কর্মীদের দক্ষতা, সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রমের সাথে সমন্বয় করে ভিক্ষুক নিরসনের জন্য উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর চাঁদপুরকে পরামর্শ দেন।
এসময় তাঁর সঙ্গে আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. গোলাম আজম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বকতেয়ার উদ্দিন প্রমুখ।
পরবর্তীতে ডা. মো. বকতেয়ার উদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ মৈশাদী গ্রামে কর্মসূচির উপকারভোগীদের পরিদর্শন করেন এবং ছাগলের দেশী-বিদেশী জাতের সুবিধা ও অসুবিধা বর্ণনা করেন এবং প্রাণিসম্পদ দপ্তর থেকে বিভিন্ন সুবিধা প্রাপ্তির নির্দেশনা প্রদান করেন।
জাতিসংঘ এ বছরের আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘পরিবার, শিশু ও সমাজের ক্ষমতায়ন, সকলের অংশগ্রহণে দারিদ্র্য বিমোচন’। দিবসটিকে কেন্দ্র করে ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম চাঁদপুর জেলাসহ বর্তমানে কর্মসূচিটি চলমান রয়েছে এরকম সব জেলার (৪৩টি) জেলা প্রশাসনের সহায়তায় সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের মাঠকার্যক্রম পরিদর্শন আয়োজন করেছে।
উল্লেখ্য, চাঁদপুর জেলায় ২০০৯ সালে আলট্রা-পুওর গ্র্যজয়েশন প্রোগ্রামের কার্যক্রম শুরু হয়। ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত জেলাটির ১১,৯৩১টি অতিদরিদ্র পরিবার ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় এসেছে। ২০১৯ সালে চাঁদপুর জেলায় এই কর্মসূচিটিতে অংশ নিচ্ছে ৭টি উপজেলার ৫২৯ টি অতিদরিদ্র পরিবার। ২০০২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশের ৪৭টি জেলার বিশ লক্ষের বেশি অতিদরিদ্র পরিবার আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় এসেছেন যাদের ৯৫% কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর দীর্ঘমেয়াদে তাদের আর্থসামাজিক উন্নয়নের ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে।

১৫ অক্টোবর, ২০১৯।