কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কচুয়ার পুলিশ কর্মকর্তা নিহত

আহসান হাবীব সুমন
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কচুয়া থানার সহকারী পুলিশ উপ-পরিদর্শক (এএসআই) রিংকন বড়ুয়া (৩০) নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন মিস্ত্রী পুকুরপাড় এলাকায় ট্রাক চাপায় নিহত হয়েছেন তিনি। সড়কটির কাজ শেষ হওয়ার আগেই কর্তৃপক্ষ যান চলাচলের জন্য নতুন ঢালাইকৃত সড়কটির একাংশে গাড়ি চলাচলের জন্য খুলে দেয়ায় ডাবল ক্রসিংয়ের ফলে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
জানা যায়, এএসআই রিংকন বড়ুয়া মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি চট্টগ্রাম থেকে ছুটি শেষে কর্মস্থল কচুয়ায় আসার পথিমধ্যে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড মিস্ত্রি পুকুরপাড় এলাকায় আসলে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। সংবাদ পেয়ে ট্রাফিক ইন্সপেক্টর মুরাদ ও লালমাই হাইওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
খবর পেয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ (অলি) ঘটনাস্থলে যান।
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আষোতোষ বড়ুয়ার ছেলে রিংকন বড়ুয়া ২০১০ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। রিংকন বড়ুয়ার মৃত্যুতে চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালীউল্লাহ (অলি), পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান কামালসহ সব পুলিশ কর্মকর্তারা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
এএসআই রিংকনের অনাকাক্সিক্ষত মৃত্যুতে কচুয়া থানায় শোকের মাতাম বইছে।