ধর্ম সচিব আনিছুর রহমানের সংক্ষিপ্ত জীবনী

ইলশেপাড় রিপোর্ট
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান শরীয়তপুর জেলার সখিপুর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬২ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি মরহুম আলহাজ সিরাজুল হক মোল্লা ও মরহুমা জরিনা বেগমের ছোট ছেলে।
মো. আনিছুর রহমান চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও চাঁদপুর কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ হতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
তিনি ১৯৮৫ ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে ১৫ ফেব্রুয়ারি, ১৯৮৮ তারিখে সরকারি চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মন্ত্রিপরিষদ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। উপ-সচিব হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগে দায়িত্ব পালন করেন।
তিনি যুগ্ম-সচিব পদে পদোন্নতি প্রাপ্তির পর স্থানীয় সরকার বিভাগ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে অতিরিক্ত সচিব হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে দায়িত্ব পালন করেন।
মো. আনিছুর রহমান ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেন। ২০১৮ সালের ৪ এপ্রিল থেকে বর্তমান পর্যন্ত তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
মো. আনিছুর রহমান সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, থাইল্যান্ড, মিয়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিংগাপুর, ভিয়েতনাম, হংকং, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালী, সংযুক্ত আরব আমিরাত, কাতার, রাশিয়া, ফিলিপাইন, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ড, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, তুরস্ক, নরওয়ে, স্পেন, পর্তুগাল, গ্রেনেডা, কানাডা, যুক্তরাষ্ট্র, মালাওয়ি, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিল ও সৌদি আরবসহ পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
সচিব মো. আনিছুর রহমানের স্ত্রী সালমা সুলতানা রূপালী চাঁদপুর জেলার ফরিদগঞ্জের সাবেক এমপি মরহুম এম সফিউল্যাহ’র বড় মেয়ে। তাঁদের এক মেয়ে (রুশনা অরিত্রি অর্পা) ও এক ছেলে (তারিত সাক্ষাত অর্পন) রয়েছে।