কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় থাকলে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে
……….অ্যাড. জাহিদুল ইসলাম রোমান
ফরিদগঞ্জ ব্যুরো
গতকাল বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে কর্মরত বিভাগসমূহের সাথে উপজেলা পর্যায়ে ষান্মাষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার রাষ্ট্রের উন্নয়নমূলক সব কার্যক্রমে সমাজের সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা দেখতে চায়। একই সাথে উন্নয়ন কর্মকাণ্ডের স্বচ্ছতা ও এর সাথে সম্পর্কের জনগোষ্ঠির জবাবদিহিতা নিশ্চিতের মধ্যে দিয়ে একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করতে এ ধরনে সভা সেমিনারের ব্যবস্থা করছে। সরকার ও দাতা দেশগুলো এই বিষয়গুলো নিশ্চিত করতে চায়।
তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তার ও জনপ্রতিনিধিদের দাপ্তরিক কাজ সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনা যে কোন কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে অত্যান্ত সতর্ক। তিনি রাষ্ট্রের জনগণের কাছে দেশের উন্নয়ন ও সরকারের কর্মকান্ড জবাবদিহিতার মধ্যে দিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিচ্ছেন। একই সাথে আমরা যার তৃণমূলের সেবক হিসেবে কাজ করছে অবশ্যই আমাদেরও জবাবদিহিতা থাকা উচিত। তাই বলছি সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় থাকলে যে কোন কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজের সভাপতিত্বে ও জেলা ইএএলজি’র জেলা সমন্বয়কারী নুরু উদ্দীন মামুনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম মিয়া, মহিলা মাজুদা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জ্যোতিময় ভৌমিক, কৃষি কর্মকর্তা আশিক মাহমুদ জামিল, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, ইউপি চেয়ারম্যান ইসকান্দার আলী, এইচএম হারুনুর রশীদ, মাও. শরাফাত, প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান প্রমুখ।
