হাজীগঞ্জে জলাতঙ্ক নির্মূলে ব্যাপকহারে কুকুর টিকা দেয়া হবে

হাজীগঞ্জে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা



মোহাম্মদ হাবীব উল্যাহ
হাজীগঞ্জ উপজেলায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রমের উপর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে মরণব্যাধি জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সোয়েব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি জলাতঙ্কের ভয়াবহতার কথা উল্লেখ করে বলেন জলাতঙ্ক বাংলাদেশে জনস্বাস্থ্যের জন্য অন্যতম হুমকি। বিশ্বে প্রতি ১৫ মিনিটে জলাতঙ্কে একজন মানুষ মারা যাচ্ছে।
তিনি আরো বলেন, জলাতঙ্ক আক্রান্তে পৃথিবীর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩য়। তাই জলাতঙ্ক নির্মূলে সরকার ব্যাপকহারে কর্মসূচী গ্রহণ করছে। এবং ২২ সালের মধ্যেই তা সম্পন্ন করা হবে। আগামি বৃহস্পতিবার থেকে হাজীগঞ্জে জলাতঙ্ক নির্মূলে কুকুরকে টিকা দেয়া হবে। তাই সব শ্রেণি-পেশা লোকজনের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলী, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুর রশিদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানভির হাসান, মেডিকেল অফিসার ডা. আজাদুল হক।
স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. শাহজাহান মিয়ার পরিচালনায় সভায় উল্লেখিত কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন চেয়ারম্যানদের পক্ষে ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, প্যানেল চেয়ারম্যান ইসমাইল শেখ, পৌর সচিব মুহাম্মদ নূর আজম বিন আখতার, সাংবাদিক কামরুজ্জামান টুটুল প্রমুখ।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের জুনেটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম রোগ নির্ণয় শাখার উদ্যোগে অনুষ্ঠিত অবহিতকরণ এ সভায় উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের একযোগে কুকুরসহ যেসব প্রাণির কামড়ে ও আঁচড়ে জলাতঙ্ক রোগ হয় সেসব প্রাণিদের এই টিকা দেয়া হবে জানানো হয়।