হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে দি চাঁদপুর ব্রিক ফিল্ডে অতর্কিত হামলার খবর পাওয়া গেছে। হামলায় ব্রিক ফিল্ডের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি এবং ফিল্ডের স্বত্বাধিকারী মো. মাকসুদুর রহমান গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার গন্ধ্যর্বপুর ইউনিয়নে অবস্থিত ওই ব্রিক ফিল্ডে লাঠি নিয়ে অতর্কিত হামলা করেন স্থানীয় যুবক মোহাম্মদ নোমান। সে ওই ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার জয়নাল মাস্টারের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন মাকসুদুর রহমান বলেন, ব্রিকফিল্ডের ৩৬ শতাংশ ভূমি হামলাকারীর বাবার সাথে ক্রয় সূত্রে বায়নাপত্র হয়। এরপর গত কয়েকদিন ধরে জয়নাল মাস্টারের পরিবার থেকে আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।
তিনি আরো বলেন, এদিন সকালে নোমান ব্রিকফিল্ডে এসে প্রায় লক্ষাধিক টাকার মালামাল বিনষ্ট করে। বাঁধা দিলে সে আমাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আমি আইনানুগভাবে নোমান ও তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এদিকে নোমানের বাবা জয়নাল মাস্টার বলেন, খবর পেয়ে আমরা নোমানকে ঘটনাস্থল থেকে নিয়ে আসি। নোমান আমাদের কারো সাথে সমন্বয় না করে ব্রিকফিল্ডে গিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে।
তিনি বলেন, ব্রিকফিল্ডের মালিক মাকসুদুর রহমানের সাথে সম্পত্তিগত একটি দ্বন্দ্ব রয়েছে। বিষয়টি আমরা স্থানীয়ভাবে বসে মীমাংসা করতে চাই।
