বাকিলায় রাতের আঁধারে মধ্যবিত্তদের মাঝে পৌঁছে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার

মোহাম্মদ হাবীব উল্যাহ্
রাতের আঁধারে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের মধ্যবিত্তদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে ‘প্রধানমন্ত্রীর উপহার’। সে লক্ষ্যে ১০ কেজি করে চাল প্যাকেট করা হয়েছে। সাথে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান পাটওয়ারীর ব্যক্তিগত উদ্যোগে ৫ কেজি আলু, ১ কেজি ছোলা বুট ও ১ লিটার সয়াবিন তেলও দেয়া হবে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সেলফ হোম কোয়ারেন্টাইনে থাকা কর্মহীন মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর উপহার এবং আসন্ন রমজান উপলক্ষে কিছু খাদ্য সামগ্রী দেয়ার উদ্যোগ নেন ইউপি চেয়ারম্যান।
চালের সাথে উল্লেখিত খাদ্য সামগ্রীগুলো সংযোগ করার জন্য চালের ব্যাগগুলো নেয়ার পথে স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহল লোকজন জড়ো করে পুলিশকে খবর দেয় এবং ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন ও থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বিষয়টি জেনে রাতেই সরেজমিনে পরিদর্শন করেন এবং তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ব্যবস্থা গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া জানান, যেহেতু অভিযোগ উঠেছে, তাই তদন্তপূর্বক জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দাখিল করবো।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি ধর বলেন, কেউ চুরি করলে চালের বস্তা চুরি করবে। এভাবে চাল ১০ কেজি করে চুরি করে না।
স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান পাটওয়ারী রাতের আঁধারে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ৫ কেজি আলু, ১ কেজি ছোলা বুট মধ্যবিত্তদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন।
তারা বলেন, বহুলোক আছেন, যারা লোকলজ্জার ভয়ে ত্রাণ চাইতে পারে না। ইউপি চেয়ারম্যান নিজ উদ্যোগে তাদের পাশে দাঁড়িয়েছেন। এতে তাকে সাধুবাদ জানানো উচিত। কিন্তু কিছু লোক এখানো বিরোধিতা করছেন। যা অত্যন্ত দুঃখজনক।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুপ পাটওয়ারী বলেন, এগুলো প্রধানমন্ত্রী উপহার। তাই ইউনিয়নবাসীর কাছে পৌঁছে দিচ্ছি। সাথে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ১ লিটার সয়াবিন তেল, ৫ কেজি আলু, ১ কেজি ছোলা বুট দিচ্ছি। এতে চুরির কি আছে।
তিনি বলেন, প্রতিপক্ষের লোকজন আমাকে ঘায়েল করার জন্য আমার বিরুদ্ধে উঠে-পড়ে লেগেছে। তারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত থাকে। ইনশাআল্লাহ, আল্লাহ আমার পক্ষে রয়েছেন। ইউনিয়নবাসীও আমার সাথে আছেন।

১৬ এপ্রিল, ২০২০।