ফরিদগঞ্জে বৃষ্টির পানি নিয়ে সংঘর্ষে আহত স্বামী-স্ত্রী

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে পুকুর পাড় দিয়ে বৃষ্টির পানি নামার ঘটনা নিয়ে কথা কাটা-কাটিকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন আহত হয়। আহত সোহরাব হোসেন (৪৫) ও তার স্ত্রী ফাতেমা বেগম (৪০) কে গুরুতর আহত অবস্থায় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুুপুরে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কবিরূপসা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আহত সোহরাব হোসেন পরিকল্পনা কমিশনে চাকরি করেন। করোনা ভাইরাসজনিত কারণে সাধারণ ছুটিতে তিনি বাড়িতেই অবস্থান করছেন। অভিযুক্তরা তার বাড়ির লোক। সোহরাব হোসেন জানান, বৃষ্টি হলে জমাকৃত পানি তার বাড়ির পুকুর পাড় দিয়ে তার সম্পত্তির উপর যাওয়ার ফলে ভাঙ্গনের সৃষ্টি হয়। তার স্ত্রী সম্প্রতি ভাঙ্গনের স্থানটি মেরামত করে দেয়। গতকাল মঙ্গলবার দুপুরে বৃষ্টি হলে বৃষ্টির পানি সরতে সমস্যা হওয়ায় তার বাড়ির আওলাদ ও তার ছেলে জাহিদসহ লোকজন তাদের সাথে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে। এতে তিনি ও তার স্ত্রী ফাতেমা বেগম গুরুতর আহত হয়। পরে তাদের বাড়ির অন্য লোকজন তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ব্যাপারে সোহরাব মঙ্গলবার বিকেলে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত জাহিদুল ইসলামকে তার মুঠো ফোনে কল করলে সে ফোন রিসিভ করেও কথা বলেনি। পরে আবার কল করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
ফরিদগঞ্জ থানায় অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছে।

২৮ এপ্রিল, ২০২০।