হাজীগঞ্জে করোনা উপসর্গে মারা গেলেন পৌর যুবদলের আহ্বায়ক

মোহাম্মদ হাবীব উল্যাহ
হাজীগঞ্জে এবার করোনা উপসর্গে (সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট) মারা গেলেন পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল আউয়াল সর্দার। শুক্রবার (৫ জুন) সকালে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া….রাজিউন)। তাঁর বয়স হয়েছিলো ৪৮ বছর।
নিহত আব্দুল আউয়াল সর্দার তাঁর করোনা পরীক্ষায় গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে আসেন। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকার মরহুম আবুল বাশার লেদা মিয়ার ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক জানান, আব্দুল আউয়াল সর্দার গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশসহ শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি নিজ বাড়িতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাধীন ছিলেন।
আজ সকালে আব্দুল আউয়াল সর্দার মারা যান। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন যুবদলের হাজীগঞ্জ পৌর শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি একজন সফল ব্যবসায়ী ও ঠিকাদার ছিলেন বলে তিনি জানান।
এদিকে আব্দুল আউয়াল সর্দারের মৃত্যুতে শোক প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গে মারা যান আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ শামছুল হুদা। করোনা পরীক্ষায় তাঁর নমুনা সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

৫ জুন, ২০২০।