মতলব দক্ষিণে ইয়াবাসহ দু’জন আটক

মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলায় ২২ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার দিবাগত (২৪ আগস্ট) রাতে কাশিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- সিএনজি ড্রাইভার আবুল খায়ের (৩৯) ও ওই সিএনজির যাত্রী ইয়াবা বহনকারী রবিউল ইসলাম (৪০)। সিএনজি চালকের বাড়ি হাজীগঞ্জের মনোপুর ও অপরজন একই উপজেলার পূর্ব রাজারগাঁও গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন রাত পৌনে একটার দিকে কাশিমপুর এলাকায় পুলিশ সদস্যরা ডিউটিতে যাওয়ার সময় কাশিমপুরের দিক থেকে একটা সিএনজি আসতে দেখে পুলিশের গাড়ির লাইট বন্ধ করে রাস্তায় বন্ধ করে বসে থাকেন। সিএনজিটা পুলিশের গাড়ির সামনে আসে এবং হঠাৎ ব্রেক করে পুলিশের গাড়ি দেখে সিএনজি পিছনের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ সিএনজির দিকে গেলে সিএনজির ড্রাইভার আবুল খায়ের ও ইয়াবা বহনকারী যাত্রী রবিউল ইসলাম (৪০) দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ তাদের দৌঁড়ে গিয়ে আটক করতে সক্ষম হয়।
এসময় চাপাতিয়ার ঐ জায়গায় রাস্তার উপর তাদের শরীর তল্লাশি করে রবিউলের লুঙ্গির কোচে বিশেষ কায়দায় নীল পলিথিনের ব্যাগে রাখা ২২ পিস ইয়াবা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, হাজীগঞ্জের পূর্ব রাজারগাঁও দাই বাড়িতে একটা বিয়ের গায়ে-হলুদের অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আগত উত্তর রাজারগাঁও গ্রামের হান্নান (৩৮) ও মনোপুর গ্রামের শাহজাহান (৩৭) সহ কয়েকজন ওই ইয়াবা নিয়ে যাওয়ার জন্য তাদের বলেছিলো।
তারা জানায়, মতলবের চাপাতিয়া এলাকার সুমনের কাছ থেকে ২২ পিস ইয়াবা নিয়ে পূর্ব রাজারগাঁও দাই বাড়িতে গায়ে-হলুদের অনুষ্ঠানে বিক্রির জন্য যাচ্ছিল তারা।
ওসি স্বপন কুমার আইচ বলেন, এ বিষয়ে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটকদের আদালতে হাজির করলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণ করেন।
২৬ আগস্ট, ২০২০।