মতলব উত্তরে ২০ কেন্দ্রে নির্বাচনে ৬৩০ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য

 

মতলব উত্তর ব্যুরো

মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ও সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন ছিল মঙ্গলবার (২০ অক্টোবর)। পাশাপাশি মোহনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ও ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০ কেন্দ্রে  ভোটগ্রহণ চলে সকাল ৯টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিল ৬৩০ জন। এছাড়া মাঠে কাজ করেছেন ৬ জন ম্যাজিস্ট্রেট। মোবাইল টিম ছিল প্রায় ৮টি। যেকোন পরিস্থিতি মোকাবিলায় আরো রাখা হয়েছিল স্ট্রাইকিং ফোর্স। যেকোন মূল্যে সুষ্ঠু ভোটগ্রহণের জন্য সারাদিন তৎপর ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেনসহ উপজেলা প্রশাসন।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর ছিলাম। তাই প্রতিটি কেন্দ্রেই অতিরিক্ত ব্যবস্থা নেয়া হয়েছিল। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয়। সবার সহযোগিতায় আমরা একটি শান্তিপূর্ণ ভোটগ্রহণ করতে পেরেছি।

মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা বলেন, সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ভোটগ্রহণের জন্য দুই ইউনিয়নে ২৫০ জন্য পুলিশ সদস্য, দুই প্লাটুন র‌্যাব, দুই প্লাটুন বিজিবি ও প্রতিটি কেন্দ্রে ১৭ জন করে আনসারসহ মোট ৬৩০ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিল।

২১ অক্টোবর, ২০২০।