নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে মোটর সাইকেল ও সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত আল-আমিনের মামা মো. স্বপন গাজী বাদী হয়ে সিএনজি স্ক্রুটার চালক মনির হোসেনকে একমাত্র আসামি করে এই মামলাটি (নং-০৭, তাং ০২/১১/২০২০ইং) দায়ের করেন। নিহত তিন কিশোর ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের কর্মী জাহেদ, রায়হান ও আল-আমিন।
এর আগে নিহত কিশোরদের পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করে। এরপর সোমবার রাতেই তাদের নিজ-নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। পুলিশ মঙ্গলবার দুপুরে সিএনজি স্কুটার চালক মনির হোসেনকে চাঁদপুর আদালতে প্রেরণ করে।
অপরদিকে, তিন সহকর্মীর মৃত্যুর ঘটনায় ভেঙ্গে পড়ে ইন্টারনেট সার্ভিসের কর্মীরা। তারা মঙ্গলবার সকালে কর্মস্থলে না গিয়ে ফরিদগঞ্জ গুদারাঘাট এলাকায় একত্রিত হয়ে কর্মবিরতি পালন করে। তারা ক্ষোভ প্রকাশ করে জানায়, যাদের কাজ করতে গিয়ে তাদের সহকর্মীরা মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহত হলো সেই ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের কর্তারা ঐসব কিশোরদের পরিবারের লোকজনদের সান্ত¦না দেয়া তো দূরের কথা একবারের জন্যও তারা ঐ কিশোরদের মৃত চেহারা পর্যন্ত দেখতে আসেনি। এমনকি তাদের জানাজায়ও অংশগ্রহণ করেনি বলে তারা অভিযোগ করেন।
উল্লেখ্য, সোমবার দুপুরে ফরিদগঞ্জ ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের ৩ জন লাইনম্যান মোটর সাইকেলযোগে লাইন তদারকি করে ফেরার পথে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের টিএন্ডটি এলাকার বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি স্কুটারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহেদ নামে একজন ও চাঁদপুর সদর হাসপাতালে রায়হান একজন ও ঢাকা নেয়ার পথিমধ্যে আল-আমিন নামে অপর একজন নিহত হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন দুর্ঘটনার তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সিএনজি স্কুটার চালক মনির গাজীকে ঘটনাস্থল থেকে সোমবার আটকের পর মঙ্গলবার চাঁদপুর আদালতে প্রেরণ করার কথা জানান।
৪ নভেম্বর, ২০২০।
