আহসান হাবীব সুমন
কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে কচুয়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) রহিমানগরে আওয়ামী লীগ ও অংগ সংগঠনের উদ্যোগে এবং কচুয়া পৌরসভায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বিক্ষোভ মিছিল রহিমানগর বাজার প্রদক্ষিণ শেষে উত্তর বাজারে সমাবেশে মিলিত হয়। এ সময় সমাবেশে বক্তারা রাতের অন্ধকারে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরকারীদের অচিরেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং মামুনুল হকের স্বাধীনতা বিরোধী উগ্রবাদী বক্তব্যের তীব্র নিন্দ ও প্রতিবাদ জানান।
উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগ উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আমির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, যুবলীগ নেতা জহির মোল্লা, বিজন সরকার, ছাত্রলীগ নেতা সফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।
এ সময় সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন বলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারীর নির্দেশে আমরা কচুয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছি।
উপজেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল কচুয়া পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ মিলিত হয়। পৌর যুবলীগের আয়োজনে বিকেলে কচুয়া বিশ্বরোডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে সকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগ উদ্দীন, যুগ্ম আহ্বায়ক শুভজিৎ দাস, মেহেদী হাসান, মোসলে উদ্দিন রিমু, পৌর ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন দিপু, বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদ মজুমদার অনিক, সাধারণ সম্পাদক এসএম নোমান প্রমুখ।
০৭ ডিসেম্বর, ২০২০।
