নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে
…………মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি
মোহাম্মদ হাবীব উল্যাহ্
‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি’ এই প্রতিপাদ্যে হাজীগঞ্জে বেগম রোকেয়া দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও উপজেলার ৫ জন জয়িতা নারীদের সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনাতয়নে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
তিনি বলেন, বেগম রোকেয়া একজন মহিয়সী নারী ছিলেন। তিনি শুধুমাত্র নারী সমাজের জন্য কাজ করেছেন তা নয়, তাঁর লেখনির মাধ্যমে তিনি সমাজের প্রতিচ্ছবি (চিত্র) তুলে ধরেছেন। তিনি সমাজের দর্পণ হয়ে, নারী জাগরণ সৃষ্টির মাধ্যমে সামাজিক বৈষম্য দূরীকরণে কাজ করেছেন। তার এই অগ্রণী ভূমিকায় আজ নারীরা পরিবার, সমাজ তথা রাষ্ট্রের সব ক্ষেত্রে কৃতিত্বের সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।
প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট ও সাহসী নেতৃত্বে বাংলাদেশে নারীদের একটি অবস্থান তৈরি হয়েছে। যার সুফল আমাদের পরিবার তথা মা ও বোনেরা ভোগ করছেন। এতে করে পারিবারিকভাবে আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে। তিনি নারীর ক্ষমতায়নে কাজ করছেন। তাই প্রধানমন্ত্রীর সাথে শামিল হয়ে দেশ ও জাতিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে।
এলাকায় এলে জয়িতা নারীদের সাথে কথা বলবেন উল্লেখ করে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, আমি পুরস্কারপ্রাপ্তদের (জয়িতা) সাথে কথা বলবো। তাদের কাছ থেকে বিভিন্ন সমস্যা, নির্যাতন ও সফলতার বিষয়ে জানবো। পরবর্তীতে এসব বিষয়ে কাজ করবো এবং প্রয়োজনে সংসদে কথা বলবো। তিনি বলেন, এখনো নারীরা নির্যাতনের শিকার হচ্ছে, তাই শুধুমাত্র আইন দিয়ে সমস্যা সমাধান সম্ভব নয়। নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. গোলামুর রহমান, উপজেলা তথ্য ও সেবা কর্মকর্তা মরিয়ম আক্তার, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য খালেকুজ্জমান শামীম এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার।
অনুষ্ঠানে জয়িতাদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা ও চাকরি ক্ষেত্রে জয়িতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. মাহবুবা সুলতানা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা জয়িতা মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খাদিজা আক্তার। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মেহজাবিন তাবাচ্ছুম ও গীতা পাঠ করেন শ্রাবণী দাস।
এরপর নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা জয়িতা নন্দীতা দাস একক সংগীত ও যৌথ অংশগ্রহণে দৈত্য সংগীত পরিবেশন করেন কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা। শেষে জয়িতা নারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখ বড়ুয়াসহ অতিথিবৃন্দ।
উপরে উল্লেখিত জয়িতা ছাড়াও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সফল জননী নারী জয়িতা সাজেদা বেগম ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মিঠু রানী বণিক। এ সময় উপজেলা একটি বাড়ি একটি খামারের কর্মকর্তা আমেনা বেগমসহ অন্যান্য সরকারি কর্মকর্তা এবং জয়িতা নারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
১০ ডিসেম্বর, ২০২০।
