নোমান হোসেন আখন্দ/শিহাব
আগামি ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য শাহরাস্তি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ ও বিএনপি।
শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বোর্ড সভায় ৫ম ধাপে ৩১টি পৌরসভার আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন দেন।
এতে শাহরাস্তি পৌরসভায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পান বর্তমান মেয়র ও শাহরাস্তি পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হাজি আবদুল লতিফ। এদিকে একই দিন সন্ধ্যায় বিএনপি’র মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে শাহরাস্তি পৌরসভায় বিএনপি মনোনীত দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পান সাবেক ছাত্রনেতা ও শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন মিয়াজী।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাওয়া অপর প্রার্থীরা হলেন- সাবেক পৌর মেয়র ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন পাটোয়ারী, সাবেক পৌর আওয়ামী লীগের আহ্বায়ক রেজাউল করিম মিন্টু ও কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুবুল আলম চৌধুরী তাঁরা।
এছাড়া বিএনপি থেকে মনোনয়ন চাওয়া অপর প্রার্থী হলেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা কামাল।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষদিন, যাচাই-বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি, প্রতিক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হবে।
৩১ জানুয়ারি, ২০২১।
