লকডাউন বাস্তবায়ন হবে কঠোরভাবে
……..ইউএনও গাজী শরিফুল হাসান
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলায় লকডাউন কার্যকরে করণীয় সভায় নবাগত ইউএনও গাজী শরিফুল হাসান বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় মূল্যবৃদ্ধির যৌক্তিকতা নেই। লকডাউনে মতলব উত্তরে বাইরে থেকে আসা কাঁচামালের মোকামগুলো খোলা রাখার ব্যবস্থা করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সঙ্কট তৈরি করতে দেওয়া যাবে না। লকডাউনের সময় সাধারণ মানুষের অকারণ ঘোরাঘুরি বন্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। উপজেলার বাইরে হতে জরুরি সেবা ও রোগী বহনকারী যানবাহন ছাড়া অন্য কোন যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে। সন্ধ্যার পর দোকানপাট যেন খোলা না থাকে সে জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা রাখা দরকার। যে কোন মূল্যে মতলব উত্তরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি মতলব উত্তরে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সব ধরণের জনসমাবেশ পরিহারের আহ্বান জানান।
ইউএনও গাজী শরিফুল হাসান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আসন্ন রমজানে তারাবি নামাজের সময় মসজিদে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অবহিতকরণ কার্যক্রম চলমান রয়েছে।
ইউএনও গাজী শরিফুল হাসান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। করোনাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যস্ততার সুযোগে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদেরকে সজাগ থাকতে হবে। এসময় আতঙ্কিত হয়ে বাজার থেকে অতিরিক্ত নিত্যপণ্য না কেনার জন্য সবার প্রতি আহ্বান জানান নবাগত ইউএনও। মতলব উত্তরে কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি হাজি মনির হোসেন বেপারী, সম্পাদক নাছির উদ্দিন ফরাজী, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ছানাউল্লাহ মোল্লাসহ বিভিন্ন বাজারের সভাপতি-সম্পাদক ও সাংবাদিকবৃন্দ।
১৪ এপ্রিল, ২০২১।
