পুরাণবাজারে পুলিশের অভিযানে ট্রাকভর্তি জাটকাসহ আটক ৩

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ঘাট এলাকা থেকে ট্রাক ভর্তি ১২শ’ কেজি জাটকাসহ ৩ জনকে আটক করেছে পুরাণবাজার পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসাইনের উপস্থিতিতে জাটকাগুলো অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
আটকরা হলেন- নরসিংহপুরের হাওলাদার বাড়ির ইউসুব হাওলাদার (২৫), একই এলাকার শিকদার বাড়ির মনু মিয়া শিকদার (২৩) ও কুমিল্লার দাউদকান্দির হাসনাবাদ গ্রামের শাহজাহান মিয়া (৪৭)।
পুরাণবাজার পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে হরিণাঘাট থেকে জাটকার বড় চালান ঢাকায় পাচার করা হচ্ছে। এ সংবাদ পেয়ে রাত সাড়ে ৩টায় পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই লিলুছুর রহমানসহ পুলিশ সদস্যরা হরিণা ঘাটে অভিযান পরিচালনা করে। এ সময় (ঢাকা মেট্রো-ট-২০-৬৬৯৯) ট্রাকে করে অসাধু মৎস্য ব্যবসায়ীরা নিষিদ্ধ জাটকা মাছ হরিণাঘাট থেকে পাচারের জন্য ঢাকায় নিয়ে যাবার জন্য ট্রাকে তোলে। পুরাণবাজার পুলিশ অভিযান চালিয়ে ট্রাক ও ট্রাকে থাকা ৩ জনকে আটক এবং ১২শ’ কেজি জাটকা জদ্ধ করা হয়।
পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, আটকদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

১৮ এপ্রিল, ২০২১।