মতলব উত্তর ব্যুরো
সাংবাদিক ও আইনের লোক পরিচয় দিয়ে রাতের আঁধারে মাছবাহী ট্রাকে চাঁদা আদায়কালে ৩ জনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। আটকরা সাংবাদিক পরিচয় দিয়ে এ ধরনের কাজ করছে দীর্ঘদিন ধরে। আটকদের বিরুদ্ধে চাঁবাবাজির মামলা দেয়া হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল মতলব উত্তর উপজেলার আমিরাবাদ গ্রামের মাছ ব্যবসায়ী মো. জাহাঙ্গীর বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ভর্তি করা পিকআপ নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে মতলব উত্তর থানাধীন ঠেঁটালিয়া সোলেমান শাহ ফিলিং স্টেশনের সামনে বেড়িবাঁধের উপর পৌঁছলে মো. শফিকুল ইসলাম ওরফে রিংকু (পিতা মৃত রফিকুল ইসলাম, ঘাসিরচর, মতলব উত্তর, চাঁদপুর, বর্তমান ৫৫৬/এ মধ্য কলাদি মসজিদ সংলগ্ন, মতলব দক্ষিণ), মো. সোহেল সরকার (পিতা মৃত আউয়াল সরকার) ও মো. মাসুম সরকার (পিতা নওয়াব মিয়া সরকার উভয় সাং- বাইশপুর, মতলব দক্ষি) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন পিকআপটি সিগন্যাল দিয়া থামিয়ে পিকআপটি অবরুদ্ধ করে এবং নিজেদের সাংবাদিক ও আইনের লোক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। আসামিরা বিভিন্ন হুমকি-ধমকি প্রদর্শন করে মাছ ব্যবসায়ী জাহাঙ্গীরের কাছ থেকে চাঁদা আদায় করে তারা দাউদকান্দির দিকে যাওয়ার পথে স্থানীয় লোকজন তাদের টরকী দর্জি বাড়ির সামনে আটকে পুলিশে খবর দেয়। পরে মতলব উত্তর থানা পুলিশ গিয়ে আসামিদের আটক করে নিয়ে আসে ও মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর বাদী হয়ে এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, আটক আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন মালবাহী ট্রাকে সাংবাদিক ও আইনের লোক দাবি করে চাঁদা আদায় করতো। মাছ ব্যবসায়ী জাহাঙ্গীরের কাছ থেকে চাঁদা আদায় করে আসামিরা দাউদকান্দির দিকে যাওয়ার পথে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশকে খবর দিলে তাদের গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
১৮ এপ্রিল, ২০২১।
