স্টাফ রিপোর্টার
করোনা মহামারীতে অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৯ মে) সকালে ইসলামী যুব আন্দোলনের জেলা কার্যালয় থেকে দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেয়া হয়।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা যুব আন্দোলনের সভাপতি মাও. হেলাল আহমাদ, সহ-সভাপতি এ কে মোখতার হোসাইন, সাধারণ সম্পাদক এইচএম নিজাম, সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন, অর্থ সম্পাদক মাও. আলাউদ্দিন জামালি, প্রকাশনা সম্পাদক শাহীন খান, প্রশিক্ষণ সম্পাদক মাও. আব্দুল গাফফারসহ দায়িত্বশীলবৃন্দ।
এসময় জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাও. হেলাল আহমাদ বলেন, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউনে দেশে লাখ-লাখ শ্রমিক চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তারা প্রকৃতার্থে অসহায় না হলেও চাকরি হারিয়ে আর্থিক অনাটনের শিকার হচ্ছে। অথচ সরকার তাদের নিয়ে কোন পরিকল্পনা না করেই স্তরে স্তরে লকডাউনের সময়সীমা বাড়াচ্ছে। আবার দেশে বিদ্যমান বেকার যুবকদের অবস্থাও খুব করুণ হচ্ছে। আর তাই ঈদুল ফিতরের আগে করোনা মহামারীতে আর্থিক ক্ষতিগ্রস্ত যুবক ও শ্রমিকদের সরকারী তহবিল থেকে সম্মানি ভাতা প্রদান করতে হবে। সমাজের বিত্তবান ব্যক্তিরা যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব।
১০ মে, ২০২১।
