হাজীগঞ্জে মসজিদের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

একমাত্র ছেলেকে হারিয়ে মা পাগলপ্রায়

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে তারাবিহর নামাজ পড়তে গিয়ে মসজিদের ছাদ থেকে পড়ে মো. সাব্বির হোসেন (১২) নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী মারা গেছে। গত শুক্রবার বাদ এশা পৌরসভাধীন ৮নং ওয়ার্ড কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন টোরাগড় কাজী বাড়ি জামে মসজিদের ছাদ থেকে পড়ে সে মারা যায়। সে কচুয়া উপজেলার বাসিন্দা মো. মানিক হোসেনের একমাত্র ছেলে।
নিহত মো. সাব্বির হোসেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে তার মা আছমা আক্তারের সাথে নানার বাড়ি হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় কাজী বাড়িতে বসবাস করতো। গত শনিবার সকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে মা আছমা আক্তার পাগল প্রায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাতে এশার আজান দিলে মো. সাবির হোসেন এশাসহ তারাবিহর নামাজ পড়তে মসজিদে যায়। এ সময় সে সহপাঠি বাড়ির অন্যান্য কিশোরদের খেলাধুলা করার জন্য এবং তাদের ভয় দেখানোর উদ্দেশে মসজিদের ছাদে উঠে। পরে ছাদের কার্নিশ থেকে নিচে পড়ে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কাউন্সিলর হাজি মো. কবির হোসেন কাজী ও প্রতিবেশী হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজের ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার বলেন, একমাত্র ছেলে সাব্বির হোসেনকে হারিয়ে মা আছমা বেগম পাগলপ্রায়। এসময় তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

১০ মে, ২০২১।