মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং করোনাভাইরাস প্রতিরোধে সরকারি ঘোষিত স্বাস্থ্যবিধি না মানায় ১৪ মামলায় ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। রোববার (৩০ মে) দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জ বাজারে মোটরচালিত বিভিন্ন যানবাহনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪ মামলায় নগদ এই অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এ দিন দুুপুরে আলীগঞ্জ বাজারে বাস, প্রাইভেটকার, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার। এ সময় চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং গণপরিবহনে যাত্রীদের স্বাস্থ্যবিধি না মানায় ১৪ মামলায় ১৪ জনকে নগদ মোট ৪ হাজার টাকা জরিমানা করেন তিনি।
উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের চলমান এই অভিযান অব্যাহৃত থাকবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। তিনি বলেন, কোভিড-১৯ (করোনা ভাইরাস) প্রতিরোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ ছাড়াও সরকারি ঘোষিত সকল বিধি-নিষেধ মেনে যানবাহন যাত্রী পরিবহণ করতে হবে বলে তিনি জানান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ইউনুস মিয়াসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩১ মে, ২০২১।
