হাজীগঞ্জে কৃষি জমিতে অবৈধ ড্রেজার, ৫০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে কৃষি জমিতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার ও জমির মালিককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা এবং ড্রেজারের পাইপ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। বুধবার (৭ জুলাই) বিকালে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের মাঠে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া মাঠের জমিতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজার মালিক শরিফুল ইসলাম ও জমির মালিক মো. সেলিমকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৫ (১) ও ১৫ (১) ধারা অনুযায়ী নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত লোকজনকে সচেতনতার লক্ষ্যে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা (বিধিমালা) উল্লেখপূর্বক বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জরিমানাপ্রাপ্ত ড্রেজারের মালিক শরিফুল ইসলাম উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে এবং জমির মালিক মো. সেলিম হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের মৃত মাওলানা সফিকুর রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাটিলা পূর্ব ইউপির চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল, থানার এসআই মো. ইউনুস মিয়াসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

০৮ জুলাই, ২০২১।